আযম খান

আ.লীগকে নিষিদ্ধ করার জন্য দরকার সকল দলের ঐক্য

BNP Vice Chairman
অনলাইন ডেস্ক ১০ মে ২০২৫ ০৫:০০ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১০ মে ২০২৫ ০৫:০০ অপরাহ্ন
আ.লীগকে নিষিদ্ধ করার জন্য দরকার সকল দলের ঐক্য
...সংগৃহীত ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাটা জীবন এ দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। এই দেশের সমৃদ্ধির জন্য লড়াই করেছেন। আগামীতেও তিনি রাজনীতিতে ওইভাবেই সক্রিয় থাকবেন মুরুব্বি হিসেবে, দেশের অভিভাবক হিসেবে। যে কোনো সময় তিনি ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হবেন। আগামী দিনের গণতন্ত্রের যাত্রায় তিনি দিক নির্দেশনা দেবেন।

শনিবার (১০ মে) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে নবনিযুক্ত শিক্ষকদের নবীনবরণ অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে আহমেদ আযম খান বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যেভাবে এনসিপি এখন মাঠে নেমেছে, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা বাংলাদেশের জন্য একটি বড় ইস্যু। এই ইস্যুকে বাস্তবায়নের জন্য একটি রাজনৈতিক দল নয়, সকল রাজনৈতিক দল, সরকার, ও জনগণের ঐক্য দরকার। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জাতীয় ঐক্যের জন্য সরকারের যে উদ্যোগ সরকার তা এখনো গ্রহণ করেনি। জাতীয় ঐক্যের জন্য সরকার সকল রাজনৈতিক দলকে নিয়ে যে গোল টেবিল বৈঠক করবে মতামতের জন্য, সে আয়োজন হয়নি। কাজেই এ ব্যাপারে আমাদের দলও প্রাথমিক পর্যায়ে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে। আমাদের দলের পক্ষ থেকে এখনো চূড়ান্তভাবে কিছু বলার সময় হয়নি

ভারত-পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, পাক-ভারত যুদ্ধ একটি স্পর্শকাতর বিষয়। পাক-ভারত আমাদের এই উপমহাদেশে। পাক-ভারত যুদ্ধে উপমহাদেশের আমরা সকলেই অল্প বা বেশি ক্ষতিগ্রস্ত হব। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আমাদের অর্থনৈতিক ও বাজার ব্যবস্থায় প্রভাব পড়েছে। পাক-ভারত যুদ্ধেও আমাদের উপমহাদেশে বাজার ও অর্থনীতিতে প্রভাব পড়বে। পাক-ভারত উভয় দেশ সংযমের পরিচয় দিক। যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসুক এটাই আশা করি। ভারত যে আগ্রাসী ভূমিকায় আছে এই আগ্রাসী ভূমিকা থেকে পিছু হটা অত্যন্ত জরুরি। এই উপমহাদেশে শান্তি জরুরি।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মির্জা মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির খান ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যে দেন উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বীথি,জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূর নবী আবু হায়াত খান নবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি রাশেদা সুলতানা রুবি, ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন,  পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ প্রমুখ।