জীবিত নবজাতককে মৃত ঘোষণা
জীবিত এক নবজাতককে মৃত ঘোষণার অভিযোগ উঠেছে নওগাঁর নিয়ামতপুর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় অপারেশনে অংশ নেওয়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জন রুহুল আমিনের বিরুদ্ধেও চিকিৎসায় অবহেলার অভিযোগ করছেন প্রসূতির পরিবারের সদস্যরা।
জানা গেছে, শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গোপাল চক এলাকার অন্তঃসত্ত্বা নাজমা বেগমের (২৫) রক্তক্ষরণ শুরু হলে তাঁকে প্রসবব্যথা নিয়ে নিয়ামতপুর ক্লিনিকে ভর্তি করা হয়। ক্লিনিক কর্তৃপক্ষ তাঁর অবস্থা দেখে জানায়, পেটের শিশু মারা গেছে এবং দ্রুত অপারেশন না করলে প্রসূতির জীবন ঝুঁকিতে পড়বে। এতে ভীত হয়ে অপারেশনের অনুমতি দেন নাজমার বাবা-মা।
পরে ক্লিনিকে এসে অপারেশন করেন সার্জন ডা. রুহুল আমিন। অপারেশনের পর নবজাতক ও প্রসূতিকে রেখে চলে যান তিনি। এরপর নবজাতকের শ্বাস-প্রশ্বাস দেখা না গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্লিনিকে। কিছু সময় পর ক্লিনিকের মালিক শরিফুল ইসলাম ও তাঁর স্ত্রী পারমিতা নবজাতককে মৃত ঘোষণা করেন। রাত পৌনে ৯টার দিকে নবজাতকের মরদেহ প্যাকেটবন্দি অবস্থায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওই প্যাকেটে ভুলক্রমে অপারেশনের একটি কাঁচিও রেখে দেওয়া হয়।
পরিবার মরদেহ নিয়ে বাড়ি ফিরে দাফনের প্রস্তুতি নিতে গেলে নবজাতককে নড়াচড়া করতে দেখেন। তখনই তাঁরা বুঝতে পারেন, শিশুটি জীবিত। দ্রুত নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কায়সার রহমান নবজাতক জীবিত রয়েছেন বলে নিশ্চিত করেন এবং উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পরে রাত সোয়া ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন।
প্রসূতি নাজমা বেগম বলেন, ‘ক্লিনিক কর্তৃপক্ষ তাড়াহুড়ো করে অপারেশন করে। তারা বলে, পেটের বাচ্চা মরে গেছে। পরে যখন দাফনের জন্য মরদেহ বাড়ি নিয়ে যাই, তখন দেখি বাচ্চাটি নড়ছে। আমরা গরিব মানুষ। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
অন্যদিকে, ক্লিনিক মালিক শরিফুল ইসলাম ও তাঁর স্ত্রী পারমিতা জানান, পরিবারের অনুমতিক্রমেই অপারেশন করা হয়েছে এবং নবজাতকের মৃত্যুর ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, মৃত নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।