পুকুরে ঝাঁপ দিয়ে রক্ষা হয়নি 'বাবুল' মেম্বারের
যার কথা বলা হচ্ছিল তিনি হচ্ছেন আবু বক্কর ছিদ্দিক বাবুল (৪০)। কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়ন পরিষদ সদস্য।
সোমবার ১২ মে বিকেলে গ্রেপ্তার এড়াতে পরিষদের সামনে পুকুর দেখে সেখানেই ঝাঁপ দেন তিনি। এরপর পুকুরে থাকা অবস্থায় পুলিশকে হাতজোড় করে বলতে থাকেন, ‘আমার মা মারা গেছে, গ্রেপ্তার করবেন না, ছেড়ে দিন।’ কিন্তু পুলিশ তাঁর কথা শোনেনি। স্থানীয় লোকজনের সহযোগিতায় পুকুর থেকে উঠিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
গ্রেপ্তার বাবুল খুরুশকুল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডে সদস্য। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা একটি মামলার আসামি তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান।
তিনি বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের বৈষম্যবিরোধী ছাত্রদের মিছিলে হামলা ও ভাঙচুরের একটি মামলায় ইউপি সদস্য বাবুল আসামি ছিলেন।
স্থানীয় লোকজন জানান, গ্রেপ্তার ইউপি সদস্যের মা ৮ মে মারা গেছেন। ৯ মে তাঁর মায়ের কুলখানি হওয়ার কথা ছিলো। তাই পুলিশকে এই মুহূর্তে গ্রেপ্তার না করতে তিনি অনুরোধ করেছিলেন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, পুকুরে থাকা অবস্থায় ইউপি সদস্য বাবুল পুলিশের উদ্দেশে বলেন, কাল আমার মায়ের ফাতেহা (কুলখানি)। আমাকে গ্রেপ্তার না করে ছেড়ে দেন। আমার মা মারা গেছেন।’ এ সময় পুলিশের কাছে বারবার একদিন সময় চান ইউপি সদস্য। তবুও শেষ রক্ষা হয়নি তাঁর।