পুকুরে ডুবে দুই খালাতো দুই শিশুর মৃত্যু

Two children died
অনলাইন ডেস্ক ১৫ মে ২০২৫ ০৯:৩৭ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১৫ মে ২০২৫ ০৯:৩৭ অপরাহ্ন
পুকুরে ডুবে দুই খালাতো দুই শিশুর মৃত্যু
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে জিহাদ হোসেন ও নাজিম হোসেন নামে দুই শিশু মারা গেছে। তারা আপন খালাতো ভাই। তাদের বয়স সাড়ে ৩ বছর। বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৩টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় আব্দুল আজিজ ভূঁইয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তাদের মৃত্যুতে পরিবারের সদস্য ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত নাজিম বাঞ্চানগর এলাকার মহিন হোসেনের ছেলে ও জিহাদ রায়পুরের মধ্য কেরোয়া গ্রামের পাটওয়ারী বাড়ির জাকির হোসেনের ছেলে। জিহাদ বাঞ্চানগর এলাকায় নানার বাড়িতে বেড়াতে আসেন।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার আগমুহূর্তে নাজিম ও জিহাদ উঠানে খেলাধুলা করছিল। সবার অগোচরেই তারা পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। তাদেরকে উঠানে না দেখে সবাই খোঁজাখুঁজি করে। কিন্তু কোথাও পাচ্ছিল না। প্রায় আড়াই ঘণ্টা পর দুইজনের দেহ পানিতে ভেসে ওঠে। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুদের মামা রিয়াদ হোসেন বলেন, জিহাদ বেড়াতে এসেছিল। নাজিম ও জিহাদের বয়স একই। তারা একসাথে খেলাধুলা করছিল। এর মধ্যেই তারা পানিতে ডুবে মারা গেছে। তাদের মায়ের কান্না কোনোভাবেই থামানো যাচ্ছে না।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, সন্ধ্যা ৬টার দিকে মৃত অবস্থায় দুই শিশুকে হাসপাতাল আনা হয়। হাসপাতালে আনার আগেই তারা মারা গেছে। পরে তাদের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে যায়।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাটি কেউ আমাদেরকে জানায়নি। খোঁজ নেওয়া হবে।