রাজশাহীতে একদিনে ৪ মৃতদেহ উদ্ধার
রাজশাহীর পৃথক তিনটি স্থান থেকে ৪ টি লাশ উদ্ধার করেছে পুলিশ।এর মধ্যে ২টি গলিত লাশ ও সড়ক দূর্ঘটায় ২ জন নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। গত ১৭ মে শনিবার পুলিশ লাশ গুলো উদ্ধার করে।
তানোরের শিবনদ থেকে যুবকের বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার:-
রাজশাহীর তানোরে নিখোঁজ হওয়ার ২০ দিন পর শিবনদ থেকে এক যুবকের বস্তাবন্দী হাড়গোড়সহ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) সকালে হাবিবনগর এলাকায় কচুরিপানার ভেতর লাশভর্তি বস্তাটি দেখতে পান স্থানীয়রা।
নিহতের নাম চিত্তরঞ্জন পাল (২৬)। তিনি হাবিবনগর পালপাড়া গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, লুঙ্গি ও গেঞ্জি দেখে তাঁরা লাশ শনাক্ত করেন। চিত্তরঞ্জনের পরিবারের দাবি, একই গ্রামের কলেজ ছাত্রী কামনা পালের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে তাঁকে হত্যা করা হয়েছে।
চিত্তরঞ্জনের বাবা মনোরঞ্জন পাল জানান, কামনার পরিবারের সদস্যরা এই সম্পর্ক মেনে নিতে না পেরে তাঁকে হত্যার হুমকি দিয়েছিলেন। এমনকি কামনা পাল একটি চিঠিতে চিত্তরঞ্জনকে আগেই হত্যার পরিকল্পনার কথা জানিয়েছিলেন বলে দাবি করেন তিনি।
তানোর থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, প্রাথমিকভাবে এটি প্রেমঘটিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
★ বেলপুকুরে অজ্ঞাত ব্যাক্তির গলিত লাশ উদ্ধার
রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন ভড়ুয়াপাড়ায় আখ ক্ষেত থেকে অজ্ঞাত ব্যাক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৭মে,শনিবার সন্ধ্যায় বেলপুকুর ভড়ুয়া পাড়া বাইবাশ রাস্তার ব্রিজের পশ্চিম পাশের আখ ক্ষেতের ভেতরে লাশটি পাওয়া যায়।
পুলিশ জানায়, একজন কৃষক মাঠে আসলে দূর্গন্ধ পেয়ে কৌতুহল বসত সেখানে গিয়ে গলিত লাশটি দেখতে পেয়ে বেলপুকুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যার পূর্বে ঘটবার খবর পেয়ে বেলপুকুর ভড়ুয়াপাড়া ব্রিজের পাশের আখ ক্ষেতে গলিত ব্যাক্তির লাশটি উদ্ধার করা হয়েছে।তবে লাশটি শনাক্ত করা সম্ভব হয়নি। পোস্টমর্টেম এর পর লাশটি সনাক্ত করা যাবে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন, আরএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার শামসুল আরেফিন। রাজশাহী পিবিআই এর ইনচার্জ জালাল উদ্দীন। তবে পিবিআই এর কর্মকর্তারা জানিয়েছেন গলিত লাশটির কোনো ভাবেই আঙ্গুলের ছাপ নেয়া সম্ভব হয়নি।
★মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কিশোর নিহত
রাজশাহীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মটর বাইক আরোহী ২ কিশোর নিহত হয়েছে। শনিবার (১৭ মে) সন্ধ্যায় নগরীর মেহেরচন্ডী ফ্লাইওভারে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলো নগরীর চকপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে নাহিয়ান হাসান (১৭) এবং মেহেরচন্ডী এলাকার পিয়ারুল ইসলামের ছেলে পিয়াসুর রহমান পিয়াস (১৭)। তারা দুজনই নগরীর খড়খড়ি উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, নগরীর মেহেরচন্ডী ফ্লাইওভারে মোটরসাইকেল গতি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে যায় নাহিয়ান ও পিয়াস। পরে তাদেরকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
মতিয়ার থানার অফিসার ইনচার্জ আব্দুল মালেক জানান, এ ঘটনায় মতিহার থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।