ভাড়া নেবে বলে বাসায় প্রবেশ, অজ্ঞান করে টাকা ও স্বর্ণ লুট
রাজধানীর ডেমরা আর সারুলিয়া এলাকায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাসায় প্রবেশ করে বাসার মালিককে জুস খাইয়ে অচেতন স্বর্ণ ও টাকা লুটের ঘটনা ঘটেছে।
রোববার (১৮ মে) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাসার গৃহকর্ত্রী লুৎফা বেগম (৬৫) ও গৃহকর্মী স্বরূপা বেগম (৪০) অচেতন হয়ে পড়েন। বিকেল পাঁচটার দিকে অচেতন অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মেডিসিন বিভাগের ৮০২ নাম্বার ওয়ার্ডে ভর্তি দেন।
গৃহকর্ত্রী লুৎফা বেগমের ছেলে রাশেদুল ইসলাম জানান, আমি একটি চাকরি করি। দুপুরে আমি অফিসে ছিলাম। আমার বাসার রংমিস্ত্রিরা বাসায় কাজ করছিল এ সময় তারা আমার মাকে ফোন দিলেও আমার মা ফোন ধরে না। পরে তারা বাসায় এসে দেখে দরজা খোলা এবং আমার মা ও গৃহকর্মী অচেতন হয়ে পড়ে আছে সেই বিষয়টি আমাকে তারা ফোনে জানায়। এরপর আমি অফিস থেকে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি আমার মা ও গৃহকর্মী অচেতন অবস্থায় পড়ে আছে। পরে আমি তাদের উদ্ধার করে প্রথমেই স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ডেমরা এলাকা থেকে অচেতন অবস্থায় দুই নারীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তাদের মেডিসিন বিভাগের ৮০২ নাম্বার ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে। আমরা লুৎফা বেগমের ছেলের কাছ থেকে জানতে পারি বাসা ভাড়া নেওয়ার কথা বলে প্রতারক চক্ররা বাসায় ঢুকে অজ্ঞান করে তাদের টাকা ও স্বর্ণ নিয়ে যায়।