কক্সবাজার পৌরসভার স্টোর কিপারের বিরুদ্ধে চাল আত্মসাৎসহ নাগরিক সেবায় নানা অভিযোগ
ভিজিএফ, কাবিখা ও জেলেলের চাল জেলে ও অবহেলিত মানুষের জন্য সরকার প্রদত্ত হলেও এসব চাল নিয়ে একশ্রেণির অসাধু চক্রের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
জানা যায়, মৌসুম ভিত্তিক উপকারভোগিদের মাঝে এসব চাল কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডে বিতরণ করা হলেও দায়িত্ব পেয়ে নানা অনিয়মের আশ্রয় গ্রহণ করেন কিছু অসাধু কর্মকর্তা। পৌরসভার স্টোর কিপার কবিরের বিরুদ্ধে রয়েছে এসব চাল বিতরণ কার্যক্রমে নানা অভিযোগ।
অভিযোগ আছে, গেল ঈদেও ভিজিএফ চাল বিতরণে ব্যাপক অনিয়ম করেছেন কবির। সাধারণ মানুষের ১০ কেজি উপকারের চাল তিনি নানা কৌশল অবলম্বন করে অনেকজনকে ৪/৫ কেজি করে ধরিয়ে দিয়েছেন। এছাড়া সাগরে মাছ ধরার চলমান নিষেধাজ্ঞা সময়ের ৫৬ কেজি চাল বিতরণে প্রশাসকের কাছে জমা দেয়া তালিকায় নিজেদের লোকজনকে ইচ্ছেমতো তালিকাভুক্ত করেছেন তিনি। বিতরণে করেছেন ব্যাপক অনিয়ম। তালিকাভুক্ত কাউকে তিনি ৩০ কেজি, কাউকে তিনি ২০ কেজি এভাবে ধরিয়ে দিয়ে বাকিসব লুটে নিয়েছেন। বিশেষ করে ৫নং ওয়ার্ডের তালিকায় অন্তর্ভুক্তরা প্রকৃত জেলে কিনা ব্যাপক সন্দেহ আছে। এক্ষেত্রে জেলা ও সদর মৎস্য অফিসের কার্যক্রম প্রশ্নবিদ্ধ। বিষয়টি জরুরি ভাবে তদন্ত করার দাবি জেলেদের। এভাবে লাখ লাখ টাকা অবৈধভাবে তিনি নিজের পকেট ভরেছেন। তার বড় ভাই নজির আহমদের লারপাড়া মসজিদের পাশে রয়েছে পাইকারি চালের আড়ৎ। এখানে কবির কর্তৃক লুটে নেয়া সরকারি চাল বস্তা পরিবর্তন করে বিক্রি করে থাকেন এমনও অভিযোগ রয়েছে। তাছাড়া পৌরসভার নানা কাজ ও ভোটার করিয়ে বাড়তি টাকা আয়ের জন্য রেখেছেন নয়ন নামের একজনকে। এভাবে তিনি কাঁড়ি কাঁড়ি অর্থ উপার্জন করছেন।
গতকাল নাগরিক সেবা নিতে গিয়ে একজন ভুক্তভোগী থেকে টাকা দাবির অভিযোগ করা হয়েছে প্রশাসকের কাছে ।
বিগত পৌর মেয়র মুজিবুর রহমানের আমলেও কবিরের বিরুদ্ধে চাল আত্মসাৎ এর অভিযোগ উঠে। এঘটনায় তার বিরুদ্ধে ব্যাপক তদন্ত হয়।
কক্সবাজার পৌরসভার ভুক্তভোগী সাধারণ জনতা কবিরের এসব অনিয়ম তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দায়িত্বপ্রাপ্ত প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযুক্ত কবির তার বিরুদ্ধে আনীত অভিযোগ অপপ্রচার দাবি করেন এবং বিতরণ ব্যবস্থায় কোন অনিয়ম হয়না জানান।
উপরোক্ত বিষয়ে কক্সবাজার পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজের সাথে কথা হলে তিনি জানান, কবিরের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।