জুলাই বিপ্লবে তরুণ প্রজন্ম নজরুলের সাহিত্যের ভাববস্তু দ্বারা উজ্জীবিত হয়েছিল

Poet Kazi Nazrul Islam
অনলাইন ডেস্ক : ২৬ মে ২০২৫ ১২:১১ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ২৬ মে ২০২৫ ১২:১১ অপরাহ্ন
জুলাই বিপ্লবে তরুণ প্রজন্ম নজরুলের সাহিত্যের ভাববস্তু দ্বারা উজ্জীবিত হয়েছিল
...সংগৃহীত ছবি

‘আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একজন গানের কবি, প্রেমের কবি, মানবতার কবি। নজরুল শুধু কবি নন, শুধু সংগীতজ্ঞ নন, শুধু আমাদের সাংস্কৃতিক পিতা নন, তিনি আমাদের জাতীয় চেতনার প্রতীক। দেশের স্বাধীনতা ও জনগণের মুক্তির জন্য নজরুল তার জীবন উৎসর্গ করে গেছেন। কবি নজরুল তার সাহিত্যের ভাববস্তুতে সাম্য, মানুষের মুক্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির মতো মূল্যবোধ সৃষ্টি করেছিলেন। তিনি সব সময়ই মানুষকে জাগাতে চেয়েছিলেন এবং বাঙালি বারবার নজরুল দ্বারা উজ্জীবিত হয়েছে। এর ফলশ্রুতিতে জুলাই বিপ্লবে নজরুল তরুণ প্রজন্মকে যে উদ্বুদ্ধ করেছে, তা বিভিন্ন গ্রাফিতি দেখলেই বোঝা যায়। জাতীয় কবির স্মৃতি এদেশ থেকে কখনো মুছে ফেলা যাবে না। তিনি আজীবন আমাদের মধ্যে বেঁচে থাকবেন।’

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন রোববার (২৫ মে) বিকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেছেন। রাজশাহী জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ‘দু হাজার চব্বিশের গণ-অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে কুলসুম সম্পা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এসময় জেলা কালচারাল অফিসার মো. শাহাদৎ হোসেন এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর শামীমা হামিদ। অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় কবি নজরুলের বিদ্রোহী কবিতা ও সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা আরও বলেন, বর্তমান সমাজে নজরুল একান্ত আবশ্যক। কারণ নজরুল বৈশ্বিক মানবিকতার কথা বলেছেন। এছাড়াও তিনি বিপ্লব ও মুক্তির পক্ষে পৃথিবীর শ্রেষ্ঠতম কবিতাগুলো লিখেগেছেন। আবেগের সঙ্গে বেগ, প্রেম ও প্রকৃতির সঙ্গে বিপ্লব, বিশ্বাসের সঙ্গে বিজ্ঞান, শ্রমজীবীর ঘামের সঙ্গে মরমিবাদ, ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার যে জ্যোতির্ময় মিশ্রণ নজরুলে, তা আর কোথাও নেই। তাই আমরা বলতে প্রয়াস পায়- বেঁচে থাকার জন্য যেমন দরকার আলো, বাতাস, খাদ্য ও পানি, বাংলাদেশের জন্যও সেই রকম প্রয়োজনীয় নজরুল।