‘ভুল স্বীকার’ করে পার পেলেন হান্নান মাসউদ
এক প্রকাশককে গ্রেপ্তার করতে পুলিশের ওপর চাপ তৈরির পর আটক তিনজনকে ছাড়িয়ে আনার ঘটনায় জাতীয় নাগরিক কমিটি-এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না দল।
বৃহস্পতিবার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “আব্দুল হান্নান মাসউদ নিজের ভুল স্বীকার করেছেন আর এই ধরনের ভুল করবেন না বলে অঙ্গীকার করেছেন।”
আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনের নেতাদের দলটিতে হান্নান মাসউদ সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য হিসেবে কাজ করছেন।
গত ২১ মে তাকে তিন দিনের মধ্যে কারণ দর্শাতে নোটিশ দেওয়া হয়।
আট দিন পর এনসিপির বিজ্ঞপ্তিতে লেখা হয়, ছাড়িয়ে আনা তিন জনের সঙ্গে হান্নান মাসউদের সম্পৃক্ততা ছিল না।
এনসিপি নেতা মাসউদ অবশ্য দাবি করেছেন, তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনারের অনুরোধেই সেখানে গিয়েছিলেন। আর এই বিষয়টিই দলকে জানিয়েছেন।
নোটিশে কী ছিল, এখন কী বলছে এনসিপি
হান্নান মাসউদকে কারণ দর্শানোর নির্দেশ দিয়ে এনসিপির নোটিশে বলা হয়, “ধানমন্ডি থানার আওতাভুক্ত একটি আবাসিক এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে তিনজনকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ।
“তিনজনের অন্যতম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিকতা স্খলনজনিত কারণ অব্যাহতি দেওয়া হয়। তা সত্ত্বেও আপনি থানায় উপস্থিত হয়ে তিনজনের মুচলেকা দিয়ে তাদের থানা থেকে জামিন করিয়েছেন।
“উক্ত ঘটনার প্রেক্ষিতে আপনার ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তার লিখিত বিবরণ আগামী তিন দিনের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে উপস্থাপন করার জন্য নির্দেশনা দেওয়া হলো।”
৮ দিন পর এনসিপির বিজ্ঞপ্তিতে বলা হয়, “থানায় আটককৃত ব্যক্তিদের কর্মকাণ্ডের সাথে ওনার (হান্নান মাসউদ) সম্পৃক্ততা ছিল না বলে প্রমাণসাপেক্ষে প্রতীয়মান হওয়ায় রাজনৈতিক পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক তাঁর ওপর আরোপিত কারণ দর্শানো নোটিশ প্রত্যাহার করা হলো।”
কেন ভুল স্বীকার করলেন হান্নান মাসউদ?
এনসিপির এই নেতা বলেন, “আমি সেখানে গিয়েছিলাম মূলত প্রশাসনের অনুরোধে। কিন্তু মিডিয়ায় এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন আমি অপরাধীদের বাঁচাতে গিয়েছি—যা আসলে সত্য নয়।”
তিনি বলেন, “প্রশাসনের অনুরোধে সেখানে যাওয়াটা আমার ভুল ছিল সেটি আমি স্বীকার করে নিয়েছি। আর আমি যে প্রশাসনের অনুরোধে সেখানে গিয়েছি সেটা প্রমাণিত হওয়ায় এটি এই নোটিশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।”
আসলেই এনসিপি নেতাকে এমন অনুরোধ করেছিলেন কি না, এ প্রশ্নে ডিএমপি কমিশনারের বক্তব্য জানতে পারেনি দেশকাল নিউজ ডটকম। তিনি ফোন কেটে দেওয়ায় তার জবাব পাওয়া যায়নি।
ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ডিএমপি কমিশনার স্যার অনুরোধ করেছেন কি না, এটা আমার জানা নেই।”
হান্নান মাসউদ রে রাতে এমন কিছু বলেছেন কি না- এই প্রশ্নে তিনি বলেন, “না, সেদিন তো এমন কিছু তিনি বলেনি আমাকে। আমিই তাদের (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) দায়িত্বশীল এক নেতাকে ফোন দিয়ে বলেছিলাম এই মবের একটা সমাধান করতে।”
যা ঘটেছিল
হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারে গত ১৯ মে রাতে ধানমন্ডিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে সাইফুলসহ কয়েকজন তার ধানমন্ডির বাসায় গিয়ে পুলিশের সামনে বাক বিতণ্ডায় জড়যায়।
পুলিশ বলছে, তারা জোর করে বাসাটিতে ঢোকার চেষ্টা করেন এবং তাকে গ্রেপ্তার করতে বলেন।
কিন্তু ওই প্রকাশকের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে গ্রেপ্তারে অপারগতা প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনী। একপর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে আটক করে থানায় নিয়ে যায় ধানমন্ডি থানা পুলিশ।
বিষয়টি জানতে পেরে নেতা হান্নান মাসউদ থানায় গিয়ে তিনজনকে নিজ জিম্মায় ছাড়িয়ে আনেন।
থানা থেকে বেরোনোর পর এনসিপি নেতা সাংবাদিকদের বলেন, “একটি ভুল বোঝাবুঝি হয়েছিল, আমি সমাধান করতে এসেছি। আমরা দেখতে পাচ্ছি যে, বহিরাগতরা আমাদের লোকদের ব্যবহারের চেষ্টা করছে।”
থানায় গিয়ে নিজ জিম্মায় তিনজনকে ছাড়িয়ে আনার ঘটনায় হান্নান মাসউদকে নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়। পরের দিন এনসিপি তাকে কারণ দর্শাতে বলে এবং তিনি নিজে ফেসবুকে সেই ঘটনার একটি ব্যাখ্যা দেন।
এক পোস্টে তিনি লেখেন, ঢাকা মহানগর পুলিশ কমিশনারের অনুরোধেই তিনি সেখানে যান, প্রশাসনের অনুরোধে মধ্যস্থতা করেন। আটক তিন জনের বিষয়ে তিনি লেখেন, “প্রশাসন ওদের বিরুদ্ধে কোন অভিযোগ রুজু করেননি এবং করতেও চাচ্ছিল না।”
এই বিষয়ে প্রশাসনকে পরিপূর্ণ সহযোগিতা করা হচ্ছে জানিয়ে তিনি আরও লেখেন. “ইনশাআল্লাহ এই মব সৃষ্টির মূল হোতারা দ্রুত অ্যারেস্ট হবে।”
প্রেক্ষাপট: ‘মব জাস্টিস’ বিতর্ক
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর একটি অংশ আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা দেখায়। রাজনৈতিক প্রতিপক্ষ বা ভিন্নমতের মানুষদের ওপর হামলা, হুমকি ও গণচাপ সৃষ্টি করে তা ‘মব জাস্টিস’ নামে পরিচিতি পায়।
সরকারি পর্যায়ে এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা এলেও বাস্তবে তা খুব কমই কার্যকর হয়েছে। হান্নান মাসউদের ঘটনাটি সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করে।
সূত্র : দেশকাল নিউজ