দীর্ঘ ১৬ বছরেও শেষ হয়নি ১৬তলা ভবনের কাজ
দীর্ঘ ১৬ বছরেও রাজশাহীর সিটি সেন্টারের নির্মাণ কাজ শেষ করতে পারেনি আওয়ামী লীগের এমপি এনামুল হকের প্রতিষ্ঠান এনা প্রোপার্টিজ। ৩৬ মাসে কাজ শেষ করার স্বপ্ন দেখিয়ে দোকান বিক্রি করে এনা প্রোপার্টিজ দেড় দশক ধরে ব্যবসায়ীদের ঝুলিয়ে রেখেছে। এ অবস্থায় এনা প্রোপার্টিজের আঞ্চলিক পরিচালক সারওয়ার জাহানের অপসারণ দাবি করেছেন ব্যবসায়ীরা।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) জমিতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে সিটি সেন্টার নির্মাণের কাজে হাত দেয় এনা প্রোপার্টিজ। ২০০৯ সালে এ কাজের দরপত্র আহবান করা হলে রাজশাহী-৪ (বাগমারা) আসনের তৎকালীন এমপি এনামুল হকের প্রতিষ্ঠান এনা প্রোপার্টিজ একমাত্র দরপত্রটি জমা দেয়। ফলে ১৬তলা বিশিষ্ট ওই ভবন নির্মাণের কাজটি তারাই পায়। চুক্তি অনুযায়ী, ভবনের মাত্র ২৫ দশমিক ২৫ শতাংশ সিটি করপোরেশন পাবে। আর বাকিটা এনা প্রোপার্টিজ ব্যবসায়ীদের কাছে বিক্রি করবে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর সাধারণ সভায় দরপত্র অনুমোদন দেওয়া হয়। এরপর ১৪ অক্টোবর চুক্তি সম্পাদন করা হয়। চুক্তি অনুযায়ী কার্যাদেশ পাওয়ার ৩৬ মাসের মধ্যে এই নির্মাণকাজ শেষ করার কথা। সেই হিসেবে এনা প্রোপার্টিজ ২০০৯ সাল থেকেই নিমার্ণাধীন সিটি সেন্টারের দোকানের বুকিং নেওয়া শুরু করে। কিন্তু এখনো ভবনটির কাজ শেষ হয়নি।
ব্যবসায়ীরা জানান, ভবনের ১৬তলা পর্যন্ত কাঠামো উঠলেও শুধু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও সপ্তম তলার কাজ আংশিক শেষ হয়েছে। ওপরের দিকে কোনো কাজেই হাত দেওয়া হয়নি। কথা থাকলেও এখনও সেন্ট্রাল এসি বসেনি। ভবনে একটি কার্গো লিফট, দুটি প্যাসেঞ্জার লিফট ও একটি ক্যাপসুল লিফট থাকার কথা। এতদিন পর শুধু ক্যাপসুল লিফট বসানো হচ্ছে। অন্য তিনটি লিফটের খবর নেই। দোকানের ক্রেতাদের মধ্যে মাত্র ১৮ জন এখন পর্যন্ত দোকান চালু করতে পেরেছেন। অন্যরা তাকিয়ে আছেন কাজে শেষ হওয়ার দিকে।
দোকান মালিকেরা বলছেন, এনা প্রোপার্টিজ তাদের সঙ্গে প্রতারণা করছে। তারা নানা হয়রানি, দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগ তুলে এনার আঞ্চলিক পরিচালক সারওয়ার জাহানের অপসারণ দাবি করেছেন। এ নিয়ে গত ২৬ মে তারা এনা প্রোপার্টিজের কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি সভা ডেকেছিলেন। কিন্তু সেখানে এনার কোনো কর্মকর্তা উপস্থিত হননি। দোকান মালিকেরা ঢাকা কার্যালয়ে ফোন করেও কোনো সদুত্তর পাননি। এর পরিপ্রেক্ষিতে তারা সারওয়ার জাহানের অপসারণ চেয়ে আবেদন করেছেন। দোকান মালিকেরা বলছেন, সারওয়ার জাহান আওয়ামী লীগের সময়ে যেভাবে প্রতারণা করেছেন, এখনও তাই করে যাচ্ছেন।
ব্যবসায়ীরা জানান, সিটি সেন্টার দোকান মালিক গ্রুপের তত্ত্বাবধানে সিটি সেন্টার মার্কেট পরিচালনা কমিটি ও এনা প্রোপার্টিজ লিমিটেড সমন্বয়ে গত ২৬ মে ওই সভা আহবান করা হয়েছিল। এনার মহাব্যবস্থাপক (জিএম) হোসেন আলীকে সভার বিষয়টি আগে থেকেই জানানো হয়েছিল। সভায় এনার আঞ্চলিক কর্মকর্তা সারোয়ার জাহানের উপস্থিত থাকার কথা ছিল। ২৬ মে দোকান মালিকরা এনা প্রোপার্টিজের রাজশাহী কার্যালয়ে যথাসময়ে উপস্থিত হতে থাকেন। ওই কার্যালয়ের মার্কেটিং অফিসার মাসুদ রানার কাছে দোকান মালিকেরা জানতে চান, রাজশাহী আঞ্চলিক কর্মকর্তা সারোয়ার জাহান কিংবা তাদের অন্য কোনো কর্মকর্তা উপস্থিত হবেন কি না। মাসুদ রানা এ ব্যাপারে কিছুই বলতে পারেননি। পরে ঢাকা অফিসে যোগাযোগ করা হলে তাদের জিএমও কোনো জবাব দেননি।
দোকান মালিকেরা জানান, এর আগেও সভা আহ্বান করে তাদের সাড়া পাওয়া যায়নি। তাই ২৬ মে উপস্থিত দোকান মালিকেরা উত্তেজিত হয়ে আঞ্চলিক কর্মকর্তার কার্যালয়ে তালা মেরে দিতে চেয়েছিলেন। সবাইকে শান্ত করে আঞ্চলিক কর্মকর্তা সারওয়ার জাহানের অপসারণ চেয়ে প্রধান কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তারা আরও জানান, মার্কেটটির নির্মাণ কাজ সম্পন্ন করার পর লিফট ও সেন্ট্রাল এসিসহ সকল প্রকার সুবিধা দিয়ে ক্রেতাদের কাছে দোকানের রেজিস্ট্রেশন দেওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘ ১৬ বছর পরও ১৬তলা ভবনের নির্মাণ কাজ শেষ হয়নি। বিনিয়োগ করার পরেও রেজিস্ট্রি না পেয়ে দোকান মালিকেরা আস্থা হারিয়ে মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।
দোকান মালিক মনিরুল ইসলাম আবুধাবী থেকে বলেন, ‘আমি একজন রেমিটেন্স যোদ্ধা। সিটি সেন্টারে আমি খুব কষ্ট করে দুটি দোকান কিনেছি। সপ্তম তলার ৭০১ ও ৭০২ নম্বর দোকান দুটি আমার। এনা দোকান হ্যান্ডওভার দিয়েছে ঠিকই, কিন্তু রেজিস্ট্রেশন দিচ্ছে না। আমি খুব সংকটে পড়েছি। প্রায় ১৫-১৬ বছর ধরে আমার এতোগুলো টাকা আটকে আছে। মার্কেটে কোনো সুযোগ সুবিধা না থাকায় দোকান দুটি কোনোভাবে ভাড়া দিতেও পারছি না।’
আরেক দোকান মালিক মাহফুজুর রহমান বলেন, ‘মার্কেটের ১০৫ নম্বর দোকানটি আমার। অনেক সম্ভবনাময় এই মার্কেটে আশা নিয়ে দোকান কিনি। এনা প্রোপার্টিজের প্রতারণার কারণে যা আজ বিষফোঁড়া হয়ে দাড়িয়েছে। প্রথমত এনা আমাকে দোকানটি রেজিষ্ট্রি দেয়নি। মার্কেটের উন্নয়নের কোনো কার্যক্রম দৃশ্যমান নেই। দীর্ঘদিন মার্কেটটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। না আছে এসি, না লিফট বা অন্যান্য সুবিধা। অথচ সার্ভিস চার্জ চাপিয়ে দিয়েছে জোরপূর্বক। যে কারণে যে কোনো সময়ে বিনা নোটিসে বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ সংযোগ। আমি ক্ষতিপূরণসহ দোকানের মালিকানা ও অন্যান্য সুবিধাদি বুঝে পেতে চাই।’
দোকান মালিক সমিতির সভাপতি মুরাদ আলী গণমাধ্যমকে বলেন, তারা ৮২ জন ভুক্তভোগী দোকান মালিক অনলাইনে সভা করেন। তাদের কারও দোকান রেজিস্ট্রি হয়নি। দোকানগুলো প্রস্তুতও হয়নি। এ জন্য কেউ চাইলেও বিক্রি করতে পারছেন না। আবার ব্যবহারও করতে পারছেন না। তিনি বলেন, সারওয়ার জাহান আওয়ামী লীগের আমলেও যে প্রতারণা করেছেন, এখনো দোকান মালিকদের সঙ্গে সেই প্রতারণা করছেন। তিনি সিটি সেন্টারকে দুর্নীতির আখড়ায়পরিণত করেছেন। এ জন্য তারা তার অপসারণের জন্য প্রধান কার্যালয়ে আবেদন করেছেন।
এ ব্যাপারে কথা বলার জন্য এনা প্রোপার্টিজের আঞ্চলিক পরিচালক সারওয়ার জাহানের ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এনা গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক সাবেক এমপি এনামুল হক বর্তমানে কারাগারে। তাই তার সঙ্গেও কথা বলা যায়নি।