তিন হাজার লিটার মদ উদ্ধার, গ্রেপ্তার ৫
রাজশাহীর মোহনপুর উপজেলার বেলনা ঝালপুকুর এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৫ লিটার চোলাই মদসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার এ অভিযান চালানো হয় বলে সোমবার সকালে র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তার পাঁচজন হলেন- বেলনা ঝালপুকুর গ্রামের জগেন সরদার (৭০), রনজিৎ সরদার (৪২), মহাশয় মুর্মু (৩৫), বাপ্পি সরদার (২৮) ও রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁও দমদমা গ্রামের রফিকুল ইসলাম (৪০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বসতবাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে প্রাণঘাতী চোলাই মদ তৈরির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর রাজশাহীর একটি দল অভিযান চালায়। এ সময় ৩ হাজার ৫ লিটার চোলাই মদ এবং মদ সংরক্ষণের কাজে ব্যবহৃত বিভিন্ন পাত্র জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা চোলাই মদ প্রস্তুতকারী ও ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন করে স্থানীয় যুবকদের কাছে ৫০ ও ১০০ টাকার ছোট বোতলে বিক্রি করে আসছিলেন। এই মাদক তৈরিতে ব্যবহৃত হচ্ছিল নিম্নমানের ও অপরিচ্ছন্ন কাঁচামাল।
র্যাবের ভাষ্য, সম্প্রতি চোলাই মদ সেবনে মৃত্যুর ঘটনাও ঘটেছে। একটি অসাধু চক্র অধিক মুনাফার আশায় এই মাদক ব্যবসা পরিচালনা করে আসছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মোহনপুর থানায় মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।