মধ্যবিত্তের কাছে নতুন বাজেট মানেই নতুন সংকট

New budget means new crisis for the middle class
অনলাইন ডেস্ক : ০৩ জুন ২০২৫ ০৮:৪১ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ০৩ জুন ২০২৫ ০৮:৪১ অপরাহ্ন
মধ্যবিত্তের কাছে নতুন বাজেট মানেই নতুন সংকট
.....সংগৃহীত ছবি

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ হলেও বাজারে এখনো তেমন কোনো বড় পরিবর্তন দেখা যাচ্ছে না। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজি, মাছ, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখনো আগের মতোই রয়েছে।

ব্যবসায়ী ও সাধারণ মানুষ বলছেন, বাজেট ঘোষণার প্রভাব বাজারে তৎক্ষণাৎ পড়ে না, সাধারণত এক সপ্তাহের মধ্যেই তা বোঝা যায়। এ ছাড়া অনেক পণ্য আগের কেনা রয়েছে, তাই বাজেটের প্রভাব বুঝতে আরও কয়েকদিন সময় লাগবে।

সোমবার (২ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর মিরপুর, পল্লবী ও মুসলিম বাজার ঘুরে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

মিরপুর ১১ নম্বর বাজারের ব্যবসায়ী মো. নাদিম বলেন, বাজেটের আগেই অনেক পণ্যের দাম বাড়তি ছিল। এখন নতুন করে দাম বাড়ার সম্ভাবনা কম। তবে কিছু পণ্যে প্রভাব পড়তে পারে, সেটা আগামী সপ্তাহে বোঝা যাবে।

পল্লবীর বাসিন্দা তানভীর আলম বাজেট নিয়ে ক্ষোভ ঝেড়ে বলেন, বাজেট আসে, বাজেট যায়— কিন্তু আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয় না। মধ্যবিত্তদের বাজেট বোঝা যায় বাজারে গেলে, সংসার চালাতে গেলে। আয় বাড়ে না, কিন্তু খরচ বাড়তেই থাকে। নতুন বাজেট মানেই আমাদের জন্য নতুন সংকট।

মুসলিম বাজারে মুরগি বিক্রেতা রুবেল বলেন, এখনো মুরগির দাম বাড়েনি। সামনে ঈদ, তাই হয়তো দাম কিছুটা বাড়তে পারে। তবে কোরবানির ঈদের আগে আবার দাম কমে যাবে।

এর আগে সোমবার (২ জুন) বিকেল ৩টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে, যার মধ্যে রাজস্ব বাজেট পাঁচ লাখ ৬৪ হাজার কোটি টাকা।

এবারের বাজেটে মোবাইল ফোন, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, প্লাস্টিকের তৈজসপত্র, এলপিজি সিলিন্ডার, বিদেশি চকলেট, ব্লেড ও লিপস্টিকসহ বেশ কিছু পণ্যে শুল্ক ও কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।