স্বরাষ্ট্র উপদেষ্টা

বাড়তি ভাড়ার কোনো অভিযোগ পাইনি

Jahangir Alam Chowdhury
অনলাইন ডেস্ক : ০৫ জুন ২০২৫ ০২:৪৬ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ০৫ জুন ২০২৫ ০২:৪৬ অপরাহ্ন
বাড়তি ভাড়ার কোনো অভিযোগ পাইনি
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।......সংগৃহীত ছবি

রাজধানীর গাবতলীর বিভিন্ন পরিবহনের টিকিট কাউন্টার ঘুরে ও যাত্রীদের সঙ্গে কথা বলে বাড়তি ভাড়ার কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, আমি যতটুকু ঘুরলাম দেখলাম- কেউ বাড়তি ভাড়া নেয়নি। বাড়তি ভাড়ার অভিযোগ পাইনি। তবে অনেকেই টিকিট পাচ্ছে না।

পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, আমরা নিজেরা একটু সচেতন হলে, আইন মেনে চললে সবকিছু সহজ হয়। বিশেষ করে গাড়িতে উঠতে-নামতে এবং রাস্তা পারাপারে আমাদের নিজেদের সচেতনতা দরকার। আশা করি নিজেরা সচেতন হবেন।

বাসের কৃত্রিম সংকট দেখিয়ে ভাড়া অতিরিক্ত নেওয়া হয়, সাংবাদিকদের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, এরকম তথ্য আমি পাইনি। বাসের সংকট দেখানো হয় যেহেতু বলেছেন, আমরা এটা কঠোরভাবে দেখবো।

যানজট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃষ্টি-বাদল ও গাড়ির চাপে কিছুটা যানজট আছে। আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় আছে। যে কোনো সমস্যা সমাধানে তারা কাজ করছে।

একই টিকিট একাধিকবার বিক্রির বিষয়ে তিনি বলেন, মালিকপক্ষের প্রতিনিধি এখানে আছেন, এটা তারা দেখবেন।