রেলওয়ে উপদেষ্টা

ঈদযাত্রা এবারের স্বস্তিদায়ক হয়েছে

Muhammad Fauzul Karim Khan
অনলাইন ডেস্ক : ০৫ জুন ২০২৫ ০৩:০৮ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ০৫ জুন ২০২৫ ০৩:০৮ অপরাহ্ন
ঈদযাত্রা এবারের স্বস্তিদায়ক হয়েছে
সড়ক পরিবহণ ও রেলওয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল করিম খান।.....সংগৃহীত ছবি

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহণ ও রেলওয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল করিম খান। তিনি বলেছেন, কিছু সীমাবদ্ধতা থাকলেও এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে। কারণ ভোগান্তির বিষয়ে যাত্রীদের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করছে সরকার। ঈদে সবাই যেন ঠিকভাবে গ্রামের বাড়ি যেতে পারেন, আমরা এ বিষয়ে সব ধরণের ব্যবস্থা নিয়েছি। ট্রেনে বিনা টিকেটে ভ্রমণের বিষয়ে কঠোরভাবে নজরদারি করা হয়েছে। কমলাপুর রেল স্টেশনে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনি।

মুহাম্মদ ফাওজুল করিম খান বলেন, ট্রেনের ছাদে ভ্রমণে আমরা নিরুৎসাহিত করেছি। তারপরও ঈদের কারণে হয়তো অনেকে যে কোনোভাবে বাড়ি যেতে চায়। তাই অনেক সময় মানবিক কারণে কিছুটা ছাড় দেওয়া হয়।

সড়ক পথের কথা টেনে উপদেষ্টা বলেন, বেশি ভাড়া আদায় করা হয় কি না সে জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে।

উপদেষ্টা জানান, বৃহস্পতিবার সকালে সায়েদাবাদে তার উপস্থিতিতে লাল সবুজ পরিবহনের একটি বাসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।