কোরবানি দিতে গিয়ে আহত অন্তত ১০০ জন

At least 100 people were injured
অনলাইন ডেস্ক : ০৭ জুন ২০২৫ ০৫:০৩ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ০৭ জুন ২০২৫ ০৫:০৩ অপরাহ্ন
কোরবানি দিতে গিয়ে আহত অন্তত ১০০ জন
..... সংগৃহীত ছবি

ঈদুল আজহার প্রথম দিন কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছেন অন্তত ১০০ জন। আহতদের মধ্যে অধিকাংশই মৌসুমি কসাই।

চিকিৎসকরা বলছেন, শনিবার (৭ জুন) সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত আহতদের সংখ্যা একশ ছাড়িয়েছে। তারা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।  

আহতের এমন সংখ্যা দেখে অনেকেই রসিকতা করে ঢামেকে আসা আহতের ‘সেঞ্চুরি’ হয়েছে বলে উল্লেখ করেছেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মুশতাক আহমেদ বলেন, সকাল থেকে বিকাল পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকা থেকে কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রতিবছর কোরবানির দিন এ ধরণের ঘটনা ঘটে। অসাবধানতা, অভিজ্ঞতার অভাব ও মৌসুমি কসাইদের কারণে এই সংখ্যা বাড়ে। তবে এবার আহতদের বেশিরভাগই শঙ্কামুক্ত।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও নারায়ণগঞ্জ, সাভার, টঙ্গী, কেরানীগঞ্জসহ আশপাশের জেলা থেকেও অনেকে কোরবানির সময় আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিতে এসেছেন। আহতদের মধ্যে অধিকাংশই মৌসুমী কসাই হলেও, অনেকে নিজের হাতে গরু কোরবানি দিতে গিয়েও আহত হয়েছেন।

চিকিৎসক ও সংশ্লিষ্টরা ধারণা করছেন, দিন শেষে এই সংখ্যা আরও বাড়তে পারে।