দলের নেতাকে লাথি মারায় এনসিপির রাজশাহীর যুগ্ম সমন্বয়কারীকে অব্যাহতি
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) রাজশাহী জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজুকে সাময়িক অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কেন তাকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না, তা তিন দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।
বুধবার দিবাগত রাত ১১টার দিকে নগরীর রানীবাজার এলাকার একটি রেস্তোরাঁয় নাহিদুল ইসলাম রাজশাহী জেলা সমন্বয় কমিটির আরেক যুগ্ম সমন্বয়কারী ফিরোজ আলমের বুকে লাথি মারেন।
ফিরোজ আলমকে লাথি দেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
রাজশাহী জেলা এনসিপির একটি সূত্র জানিয়েছে, বুধবার রাতে জেলা সমন্বয় কমিটির নেতারা প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলামের রেস্তোরাঁয় বসেছিলেন। এ সময় নাহিদুল ইসলাম ও ফিরোজ আলম একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন। একপর্যায়ে নাহিদুল ইসলাম ফিরোজ আলমের বুকে লাথি মারেন।
তবে শুক্রবার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক চিঠিতে জেলা সমন্বয় কমিটির ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলামকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। একইসঙ্গে তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, তার লিখিত জবাব তিন দিনের মধ্যে দলের শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে দিতে বলা হয়েছে।
নাহিদুল ইসলাম জানান, ‘আওয়ামী লীগকে পুনর্বাসনে বাধা দেওয়ার কারণে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তার কাছে লিখিত জবাব চাওয়া হয়েছে। তিনি সেটির জবাব দেবেন ।’
বিষয়টি নিয়ে কথা বলার জন্য এনসিপির জেলার প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।