‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের সিদ্ধান্ত বাতিল

'New Bangladesh Day'
অনলাইন ডেস্ক : ২৯ জুন ২০২৫ ০৩:৩৪ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ২৯ জুন ২০২৫ ০৩:৩৪ অপরাহ্ন
‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের সিদ্ধান্ত বাতিল
.......সংগৃহীত ছবি - ফোকাস বাংলা নিউজ

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। তবে ৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’ এবং জুলাই মাসের ১৬ তারিখে ‘জুলাই শহীদ দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার (২৯ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম দুপুর ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন । এর আগে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা দেয় সরকার । এছাড়া রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা এবং ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে সরকার। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (২৫ জুন) নতুন তিন দিবস পালনে পৃথক তিনটি পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রতি বছর যথাযথভাবে এই দুটি দিবস প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয় ওই পরিপত্রে। ৮ আগস্ট ও ১৬ জুলাই পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছে । সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট প্রত্যেক মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে বলা হয়।

কিন্তু সরকারের এই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সমালোচনার মুখে পড়ে। অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা নিয়ে বিভিন্ন মহলের আপত্তি ও প্রতিবাদের মুখে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আভাস পাওয়া গিয়েছিল । রোববার চূড়ান্ত সিদ্ধান্ত এলো উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে।