চাঞ্চল্যকর খুনসহ ডাকাতির মূলহোতা সহযোগীসহ গ্রেফতার, অস্ত্র উদ্ধার
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং-এ সংঘটিত চাঞ্চল্যকর খুনসহ ডাকাতি ঘটনার মূলহোতাকে তার অন্যতম সহযোগীসহ গ্রেফতার করেছে র্যাব-১৫। উদ্ধার করা হয়েছে অস্ত্র।
বৃহস্পতিবার ৩ জুন সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে, বিগত ২৩ জুন রাতে জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়ায় মৃত নুরুল আমিন ও হাসান আলীদের বাড়িতে একটি সশস্ত্র সংঘবদ্ধ ডাকাতির ঘটনা সংঘটিত হয়।
ঘটনার বিবরণে জানা যায়, কুখ্যাত ডাকাত আহমদ শরিফের নেতৃত্বে অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত মৃত নুরুল আমিন ও হাছান আলীর বাড়িতে মুখে মাস্কপড়ে অবৈধ বন্দুক, ধারালো দা, চাকু ও শাবল নিয়ে রাত ৮টার দিকে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে। ডাকাতরা ঘরের মহিলা ও অন্যান্য সদস্যদের হাত-পা বেধেঁ অস্ত্রের মুখে জিম্মি করে লুন্ঠিত মালামালসহ বেরিয়ে যাওয়ার সময় নুরুল আমিন ও তার ভাই হাছান আলী ডাকাতদের মুখোমুখি হন। এসময় ডাকাতরা একযোগে তাদেরকে হত্যার উদ্দেশ্যে মারধর শুরু করে। পরিবারের সদস্যরা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে এবং নুরুল আমিন ডাকাত শরিফকে চিনতে পারায় সে নুরুল আমিনকে হত্যার উদ্দেশ্যে বগলের নিচে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। এতে নুরুল আমিন গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ডাকাতরা লুন্ঠিত মালামাল ৯৫ হাজার টাকা, ৩ জোড়া কানের দুল, ২টি নাকফুল ও ১টি স্মার্ট ফোন নিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ নুরুল আমিনকে তৎক্ষনাৎ কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
উল্লেখ্য, ৮/৯ বছর পূর্বে নুরুল আমিন মালয়েশিয়া থাকা অবস্থায় ডাকাত শরিফ তার স্ত্রীকে কু-প্রস্তাবসহ বিভিন্নভাবে প্রায়শই বিরক্ত করত। তাই ডাকাতির সময় নুরুল আমিনের স্ত্রী ও অন্যান্যরা ডাকাতদের কথাবার্তায় উক্ত ডাকাত শরিফকে সনাক্ত করতে সক্ষম হন। নুরুল আমিনের স্ত্রী পরবর্তীতে উখিয়া থানায় আহমদ শরিফকে প্রধান আসামী করে অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
উক্ত চাঞ্চল্যকর ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে র্যাব-১৫ এর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং ডাকাতির সাথে জড়িত মূল আসামী ও তার সহযোগীদের সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। আসামীরা নানান সময়ে নিজেদেরকে কক্সবাজারের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখলেও গতকাল রাতে র্যাব-১৫ এর একটি দল উখিয়া থানা পুলিশের সহযোগীতায় প্রধান আসামী আহমদ শরিফের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে ও তার অন্যতম সহযোগী ডাকাত রেজাউল করিমকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার ডাকাতদের কাছ থেকে ৪টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড তাজা এ্যমুনেশন ও ১ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করে।
গ্রেফতাররা হলেন আহমদ শরিফ প্রকাশ শরিফ্যা ডাকাত (এজাহারনামীয় ১নং আসামী), পিতা-ওমর মিয়া, পুর্ব নুরার ডেইল, জালিয়াপালং, উখিয়া ও রেজাউল করিম প্রকাশ বাবুল, পিতা-ছৈয়দ আলম, পশ্চিম রত্না, রত্নাপালং, উখিয়া।