বিদেশী আগ্নেয়াস্ত্র ও বিপুল অ্যামোনেশনসহ ৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
কক্সবাজারে বিদেশী আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ অ্যামোনেশনসহ ৩ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
বিজয়বাংলা নিউজকে র্যাব জানিয়েছে, সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্প গুলোতে আগ্নেয়াস্ত্রের ব্যবহার বাড়ছে। মায়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্র ব্যবসায়ী কর্তৃক অস্ত্র ও গুলি কক্সবাজারের বিভিন্ন রেজিস্ট্রার ক্যাম্পে প্রবেশ করে। পরে এগুলো বিভিন্ন ক্যাম্প হতে রোহিঙ্গাদের মাধ্যমে কক্সবাজার ও মহেশখালীর অস্ত্রধারী সন্ত্রাসীদের কাছে ছড়িয়ে পড়ে।
গোয়েন্দা গোপন সংবাদে জানা যায়, মহেশখালীর কিছু অসাধু অস্ত্র ব্যবসায়ীর সাথে রোহিঙ্গা ক্যাম্পের কিছু অস্ত্র ব্যবসায়ীদের যোগসাজসে কক্সবাজারের বিভিন্ন সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করে থাকে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে গোপন সংবাদ পাওয়া যায় রোহিঙ্গা ক্যাম্প হতে অস্ত্র সরবরাহ করে অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে ৩ জন অবৈধ অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে। খবর পেয়ে র্যাব-১৫ এর সদর ব্যাটালিয়নের আভিযানিক দল কক্সবাজার কলাতলি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ৬১টি তাজা কার্তুজ, ৮টি বিদেশী পিস্তলের তাজা কার্তুজসহ ৩ জন অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতাররা হল শাহ আলম (৪০), পিতা-আনজু মিয়া, মাঝের ডেইল, ২নং ওয়ার্ড, বড় মহেশখালী, মহেশখালী, বর্তমান : লামাজি পাড়া, ৮নং ওয়ার্ড, খুরুশকুল, কক্সবাজার সদর, আব্দুল জলিল (২৯), পিতা-আয়ুব আলী, মাদারবুনিয়া, ইনানী, ৮নং ওয়ার্ড, জালিয়াপালং, উখিয়া ও আদিল প্রকাশ আদিল্লা (৩৫), পিতা-আব্দুল লতিফ, দেবাঙ্গা পাড়া, ৪নং ওয়ার্ড, বড় মহেশখালী, মহেশখালী।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, অস্ত্র ও অ্যামোনেশন গুলো অবৈধ অস্ত্র ব্যবসায়ী শাহ আলম ক্রয় করার পর অটো চালক আব্দুল জলিলের সাথে যোগাযোগ করে বিকাশে টাকা পাঠায় এবং টাকা বুঝে পাওয়ার পর অটো চালক শাহ আলমের নির্দেশে মাদারবুনিয়া হতে উক্ত অস্ত্র ও গুলি নিজের অটো রিকশা করে শাহ আলম ও আরেক অস্ত্র ব্যবসায়ী আদিলকে বুঝিয়ে দিতে কক্সবাজার দরিয়ানগর ব্রীজের উত্তর পাশে নিউ চিশতিয়া হ্যাচারি সামনে আসে।