আরএমপির নবীন কনস্টেবলদের ওরিয়েন্টেশন

Orientation of new constables of RMP
নিজস্ব প্রতিবেদক: ০৫ জুলাই ২০২৫ ০৩:১৭ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ০৫ জুলাই ২০২৫ ০৩:১৭ অপরাহ্ন
আরএমপির নবীন কনস্টেবলদের ওরিয়েন্টেশন
আরএমপির নবীন কনস্টেবলদের ওরিয়েন্টেশন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদ্য নিয়োগপ্রাপ্ত কনস্টেবলদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন কোর্সের ১৫তম ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইন্সের পিওএম কনফারেন্স রুমে এ কোর্সের উদ্বোধন করেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। পুলিশ ট্রেনিং স্কুলের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নবনিযুক্ত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন কমিশনার। পরে তিনি তাদের স্বপ্নের পেশাজীবনের প্রথম অধ্যায়ের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, ‘তোমরা বাংলাদেশ পুলিশের সবচেয়ে নবীন সদস্য। হাজার হাজার প্রার্থীর মধ্য থেকে বাছাই হয়ে আসা তোমরা দক্ষতা ও যোগ্যতার প্রতীক। বেসিক ট্রেনিং শেষে আজ তোমাদের বাস্তব প্রশিক্ষণের নতুন অধ্যায় শুরু হলো। এই ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে পুলিশের দায়িত্ব ও কর্তব্য হাতে-কলমে শেখানো হবে। পুলিশের মর্যাদা ও শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে হবে সবসময়। মনে রাখতে হবে, পুলিশ একটি ডিসিপ্লিন বাহিনী। তাই প্রতিটি সদস্যকে নিয়ম মেনে কর্তৃপক্ষের বৈধ আদেশ যথাযথভাবে পালন করতে হবে।’

এসময় অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।