তানোরে ট্যাপেন্টাডল সহ র্যাবের অভিযানে আটক ৫
রাজশাহীর তানোরে ফার্মেসির আড়ালে মাদক বিক্রির অভিযোগে পাঁচজনকে আটক করেছে র্যাব-৫। এ সময় ১৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট,৫টি মোবাইল ফোন,৫ টি সীম এবং নগদ ৪১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয় । আটককৃত আসামিরা হলেন মোঃ ময়েজ উদ্দীন (৭৩),মোঃ খোকন (৩৫), হাফিজুর(৩৫), ইসমাইল হোসেন (২৬) ও মোঃ ছারু খান (২৯)।
র্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ২২ জুন সন্ধ্যা ৬টায় রাজশাহী জেলার তানোর থানার কালিগঞ্জ বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। তারা দীর্ঘদিন ধরে কালিগঞ্জ বাজার এলাকার মাদক ব্যাবসায়ী ময়েজ উদ্দীন এর ওষুধের দোকানে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ওই এলাকায় নজরদারি চালিয়ে মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে এবং পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তানোর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।