আনিসুল হক অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ডে
অবৈধ অস্ত্র রাখার অভিযোগে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক ইয়াদুল হক পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আদালতে দেওয়া আবেদনে বলা হয়, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য ইস্যু করা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত ও জমা দেওয়ার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই নির্দেশনার পরও অনেক লাইসেন্সধারী তাদের আগ্নেয়াস্ত্র থানায় জমা দেননি।
তদন্ত কর্মকর্তা বলেন, আনিসুল হকও তার লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বনানী থানায় বা অন্য কোনো থানায় জমা দেননি। তার লাইসেন্সে উল্লিখিত ঠিকানায় গিয়েও কাউকে পাওয়া যায়নি। পরে জানা যায়, তিনি বর্তমানে কারাগারে আছেন।
আবেদনে আরও বলা হয়, আগ্নেয়াস্ত্রটি কোথায় আছে, তা নিশ্চিত হওয়ার জন্য এবং উদ্ধার অভিযান পরিচালনার প্রয়োজনীয়তা থেকে তাকে রিমান্ডে নেওয়া জরুরি।
আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে আইনজীবী আজিজুল হক দিদার রিমান্ডের পক্ষে শুনানি করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০২৪ সালের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নদীপথে পালানোর সময় সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে তাকে আরও কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আটক আছেন।