রাজশাহীতে মামলা করে ফেরার পথে অপহরণের শিকার তিন যুবক

Three young men kidnapped
নিজস্ব প্রতিবেদক: ০৮ জুলাই ২০২৫ ০৮:৫৫ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ০৮ জুলাই ২০২৫ ০৮:৫৫ অপরাহ্ন
রাজশাহীতে মামলা করে ফেরার পথে অপহরণের শিকার তিন যুবক
রাজশাহীতে আদালতে মামলা করে বাড়ি ফেরার পথে তিন যুবককে অপহরণ করে মারধর এবং মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। .........সংগৃহীত ছবি

রাজশাহীতে আদালতে মামলা করে বাড়ি ফেরার পথে তিন যুবককে অপহরণ করে মারধর এবং মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে নগরের রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত তিনজনকে উদ্ধার করে। তবে অভিযুক্তরা পালিয়ে গেছেন।

এ ঘটনায় বিকেলে বাগমারা উপজেলার পিরলী সেনপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। মামলার এজাহারে বলা হয়, বাগমারার পিরলী সেনপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাজেদুর রহমানের মালিকানাধীন ‘গোল্ডেন লাইফ ইনসুরেন্স লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানে এলাকার শতাধিক মানুষ ডিপিএস জমা রাখেন। গত ২০ জুন আব্দুল মজিদ তার জমা টাকা চাইলে সাজেদুর তা দিতে অস্বীকৃতি জানান।

এরপর প্রতারণার অভিযোগে মঙ্গলবার সকালে আব্দুল মজিদ রাজশাহীর আদালতে মামলা করতে যান। তার সঙ্গে সাক্ষী হিসেবে ছিলেন একই গ্রামের শহিদ মণ্ডল (৪৫) ও মধ্য ঝিনা গ্রামের আমির হোসেন (৫০) ও সোহাগ হোসেন (২৮) নামের আরেক ব্যক্তি। মামলা শেষে আদালত চত্বর থেকে বের হলে সাজেদুর রহমানের নেতৃত্বে সাইফুল ইসলাম, মোজাফ্ফর রহমান, মাহবুর ইসলাম, ছাদিকুর রহমানসহ আরও ৮-১০ জন তাদের পথরোধ করেন। এ সময় সাক্ষী সোহাগ পালিয়ে গেলেও অন্য তিনজনকে মারধর করে তারা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান।

অভিযোগে বলা হয়, ঘটনাস্থল থেকে সোহাগ কৌশলে পালিয়ে গিয়ে ৯৯৯ নম্বরে ফোন করলে রাজপাড়া থানা পুলিশ কাজিহাটা এলাকায় অভিযান চালিয়ে তিন অপহৃতকে উদ্ধার করে। এর আগে অপহরণকারীরা ভুক্তভোগীদের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। এমনকি শহিদ মণ্ডলের ফোন ব্যবহার করে তার পরিবারের কাছে ফোন দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণও দাবি করে। উদ্ধারের পর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তারা রাজপাড়া থানায় গিয়ে মামলা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

সূত্র : উওরভূমি