রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক নিজের দেওয়া নির্দেশনাই মানলেন না
রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (আরসি ফুড) মাইন উদ্দিন নিজের জারি করা নির্দেশনাই মানেননি। মামলা চলমান অবস্থায় তিনি রাজশাহী মহানগরের ৩০টি ওয়ার্ডে খোলাবাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) ডিলার নিয়োগ দিয়েছেন। এক্ষেত্রে যারা নিয়োগ পেয়েছেন, তাদের কাছ থেকে পরে উপঢৌকন নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর এবারও নতুন করে আওয়ামী লীগের লোকজনও নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ।
বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটসহ অন্য সব জেলায় পুরনো ডিলাররাই দায়িত্ব পালন করছেন। অথচ গত ১ জুলাই রাজশাহী নগরের ৩০টি ওয়ার্ডের জন্য ৩০ জন ডিলার নিয়োগ দেন আরসি ফুড। যদিও এর মাত্র ১৩ দিন আগে ১৮ জুন তিনি তাঁর অধীনস্থ রাজশাহীর আট জেলার খাদ্য নিয়ন্ত্রকদের একটি চিঠি যেসব জেলায় ওএমএস ডিলার নিয়োগে আদালতের কোন নিষেধাজ্ঞা নেই সেই সমস্ত জেলায় ৩০ জুনের মধ্যে ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেন তিনি। অথচ রাজশাহী মহানগর এলাকার ডিলার নিয়োগ নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও তিনি নিজেই নতুন নিয়োগ দিয়েছেন।
এর আগে গত ১৯ জানুয়ারি খাদ্য অধিদপ্তরের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুসারে ১১ ফেব্রুয়ারি উপপরিচালক অনির্বাণ ভদ্র আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকদের একটি চিঠি দিয়ে জানান, যে সকল জেলা বা উপজেলায় ওএমএস কিংবা খাদ্যবান্ধব ডিলার নিয়োগে মামলা হয়েছে সে সকল এলাকায় আদালতের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ কিন্তু রাজশাহীতে মামলা চলমান অবস্থায় নিয়োগ সম্পন্ন হয়েছে। এটি আদালত অবমাননার শামিল বলছেন আগের ডিলাররা।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরের ৩০টি ওয়ার্ডে সর্বনিম্ন ১০ বছর থেকে ৩০ বছর ধরে ৩০ জন ব্যক্তি ডিলার হিসেবে ওএমএসের পণ্য বিক্রি করে আসছিলেন। কোন ধরনের সুনির্দিষ্ট অভিযোগ না থাকলেও গত বছরের আগস্টে ৩০ জন ডিলারেরই নিয়োগ বাতিল করেন বিভাগীয় ওএমএস কমিটির সভাপতি ও তৎকালীন বিভাগীয় কমিশনার। এরপর গত বছরের ৯ অক্টোবর নতুন ডিলার নিয়োগ কার্যক্রম শুরু করেন আরসি ফুড।
কোন কারণ ছাড়াই এভাবে নিয়োগ বাতিল করায় উচ্চ আদালতে রিট করেন পুরনো ডিলাররা। এর পরিপ্রেক্ষিতে নতুন ডিলার নিয়োগ কার্যক্রম কেন বাতিল হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন উচ্চ আদালত। একইসঙ্গে লাইসেন্সের মেয়াদ থাকা পর্যন্ত পুরনো ডিলারদেরই কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন আদালত। সে অনুযায়ী গত ৩০ জুন পর্যন্ত ওএমএস বিতরণ কার্যক্রম পরিচালনা করেন পুরনো ডিলাররা। কিন্তু এর পরদিনই আরসি ফুড ৩০ ওয়ার্ডে নতুন ডিলার নিয়োগ দেন। অথচ আদালতে এখনও শুনানিই হয়নি।
পুরনো ডিলাররা অভিযোগ করছেন, গত ৩০ জুন পর্যন্ত তাদের লাইসেন্সের মেয়াদ ছিল। এর আগেই ১৭ জুন তারা লাইসেন্স নবায়নের জন্য জেলা খাদ্য নিয়ন্ত্রকের (ডিসি ফুড) কার্যালয়ে যান। কিন্তু ডিসি ফুড তাদের লাইসেন্স নবায়নের চিঠিই গ্রহণ করেননি। তিনি সাফ জানিয়ে দেন, তাদের লাইসেন্স নবায়ন করা যাবে না। কিন্তু কেন করা যাবে না, তার সদুত্তর দেননি। পরে ডিলাররা ব্যাংকে লাইসেন্স ফি জমা দিয়ে ডাকযোগে লাইসেন্স নবায়নের আবেদন ও চালানের কপি পাঠান। এরপরও তাদের লাইসেন্স নবায়ন করা হয়নি।
বাতিল হওয়া ডিলাররা বলছেন, নতুন নিয়োগ দিলে অনৈতিক সুবিধা নেওয়া যাবে, শুধু এই চিন্তা থেকে তড়িঘড়ি নিয়োগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে আদালতে মামলা থাকার বিষয়টি আমলে নেওয়া হয়নি। পাশাপাশি কোন কারণ ছাড়াই তাদের লাইসেন্স নবায়নের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। কোন অনিয়ম ছাড়া এভাবে নিয়োগ বাতিল কিংবা লাইসেন্স নবায়নে বাধার সৃষ্টি করা যায় না। তাদের অভিযোগ, নতুন যারা নিয়োগ পেয়েছেন তাদের অনেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন তারা।
প্রায় ১৫ বছর ধরে নগরের ১২ নম্বর ওয়ার্ডের ডিলার ছিলেন আজিজুল ইসলাম। তিনি বলেন, ‘রিট চলমান অবস্থায় নতুন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের লাইসেন্স নবায়ন করা হয়নি। কেন করা হয়নি তার কোন ব্যাখা নেই। আমরা শুনতে পাচ্ছি যে, মোটা অংকের অনৈতিক লেনদেনের জন্য নতুন করে তড়িঘড়ি ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।’
নগরের ২০ নম্বর ওয়ার্ডের ডিলার ছিলেন ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আব্বাস আলী। তিনি বলেন, ‘৫ আগস্টের পরে সারা বাংলাদেশের কোথাও পুরনো ডিলারদের নিয়োগ বাতিল করা হয়নি। রাজশাহী বিভাগের অন্য সাতটি জেলাতেও পুরনো ডিলাররাই কাজ করছেন। কিন্তু শুধু রাজশাহীতেই পুরনোদের নিয়োগ বাতিল করা হয়েছে। অনিয়ম পেলে বাতিল করতে পারে, কিন্তু অনিয়ম ছাড়াই সবাইকে একযোগে বাতিল করা মোটেও ঠিক হয়নি। এটা নিয়ে হাইকোর্টে রিট থাকা অবস্থায় আরসি ফুড নতুন করে নিয়োগ দিয়েছেন। যারা নিয়োগ পেয়েছেন, তাদের অনেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।’
আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান সহকারী নজরুল ইসলাম জানান, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ফ্রান্সে গিয়েছেন। তাই তার সঙ্গে কথা বলা যায়নি। ভারপ্রাপ্ত আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছেন বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কাবির খান। তিনি বলেন, ‘নিয়োগটা স্যার দিয়ে গেছেন। এ বিষয়ে তিনিই ভাল বলতে পারবেন। আমার জানা নেই।’
পুরনো ডিলারদের লাইসেন্স নবায়ন করতে না দেওয়ার বিষয়ে জানতে চাইলে বিভাগীয় ওএমএস নিয়োগ কমিটির সদস্য ও রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক ওমর ফারুক বলেন, ‘লাইসেন্স নবায়ন করলেই ডিলাররা পরবর্তী এক বছরের জন্য বৈধতা পেয়ে যেতেন। এর আগেই আমরা নিয়োগ কার্যক্রম শুরু করেছিলাম। তাই বিষয়টা যেন স্ববিরোধী না হয়, তার জন্য লাইসেন্স নবায়ন করা হয়নি। লাইসেন্স নবায়ন না করা, নিয়োগ বাতিল এবং নতুন নিয়োগ নিয়ে কারও আপত্তি থাকলে তারা আইনগতভাবে বিষয়টির মোকাবিলা করতে পারেন।’