নাগরিক সচেতনতা ও নারী নেতৃত্বে বদলাচ্ছে যশোরের পিছিয়ে পড়া জনগোষ্ঠী

Backward communities of Jessore
ছোটন সরদার ১৪ জুলাই ২০২৫ ০৩:০০ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ১৪ জুলাই ২০২৫ ০৩:০০ অপরাহ্ন
নাগরিক সচেতনতা ও নারী নেতৃত্বে বদলাচ্ছে যশোরের পিছিয়ে পড়া জনগোষ্ঠী
নাগরিক সচেতনতা ও নারী নেতৃত্বে বদলাচ্ছে যশোরের পিছিয়ে পড়া জনগোষ্ঠী

যশোরের প্রত্যন্ত গ্রামগুলোতে নিঃশব্দ পরিবর্তন এসেছে। পিছিয়ে পড়া কায়পুত্র, বাগদি, রাজবংশী, ঋষি দাস ও প্রান্তিক মুসলিম জনগোষ্ঠীর মানুষ আজ তথ্য জানেন, নিজেদের সমস্যা চিহ্নিত করেন, স্থানীয় প্রশাসনের দপ্তরে সেবা নিতে যান, সব কিছুই ঘটছে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর ‘সৃজন প্রকল্পের অবদানে।

এই প্রকল্পের মাধ্যমে সচেতনতা তৈরি হয়েছে নারী-পুরুষ ও শিক্ষার্থীদের মাঝে। তথ্য অধিকার আইন ও গণগবেষণার চর্চা তাদের মধ্যে এনে দিয়েছে অধিকারবোধ ও আত্মবিশ্বাস। ‘সৃজন’ প্রকল্পের মূল কাজ হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সমস্যাগুলো তুলে ধরা এবং তার সমাধানে সরকারি বেসরকারি  সংস্থাগুলোর সঙ্গে সংযোগ স্থাপন।

২০২৪ সালের মার্চ থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সৃজন প্রকল্পে গঠিত ৫৬টি দলে অনুষ্ঠিত হয়েছে ৬৭২টি সভা। প্রতিটি দলে সদস্যরা নিজেরাই নিজেদের সমস্যা নিয়ে গবেষণা করেন, তথ্য সংগ্রহ করেন, স্থানীয় দপ্তরে গিয়ে আবেদন করেন। কোথাও রাস্তার সমস্যা, কোথাও কবরস্থানের অভাব, কোথাও আবার শিশুদের শিক্ষার অনুপযুক্ত পরিবেশ—এসব চিহ্নিত করে তারা নিজেরাই উদ্যোগ নিচ্ছেন।কিভাবে সমস্যার অবসান ঘটানো যায়।

যশোর সদর উপজেলার ফতেপুর মন্ডলপাড়া গ্রামে শিশুশিক্ষার সংকট ছিল বহুদিনের। গণগবেষণা দলের চেষ্টায় ২০২৩ সালে ইউনিসেফ ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের নজরে আসে বিষয়টি। পরবর্তীতে গড়ে ওঠে শিশু-কিশোরদের জন্য বহুমুখী কমিউনিটি হাব। বর্তমানে গ্রামটি পরিচিতি পেয়েছে ‘আদর্শ গ্রাম’ হিসেবে।


নরেন্দ্রপুরের কায়পুত্র সম্প্রদায়ের মানুষ আগে কাঁচা রাস্তায় চলাফেরা করতেন। গণগবেষণা দলের দাবি ও তদারকিতে এখন সেখানে পাকা রাস্তা হয়েছে। ওই গ্রামে সনাতন ধর্মাবলম্বী শিশুদের জন্য ধর্মীয় শিক্ষক নেই—এই দাবিও স্থানীয় দপ্তরে পৌঁছে দিয়েছেন তারা।তাদের ন্যায্য দাবি সনাতনধর্মীয় শিক্ষক নিয়োগ করে ধর্মশিক্ষা দিতে হবে।

রায়মানিক গ্রামে আশ্রয়ণ প্রকল্পের অধীনে ৫৯ টি ঘর নির্মান হলেও,ঘরগুলি পরিকল্পিতভাবে টেকশই নয়,আবাদি জমির সমানে নির্মীত হয়েছে,  উপযুক্ত প্রবেশপথ নেই।  সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা হয়, নেই ড্রেনেজ ব্যবস্থা।সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মানুষ গৃহবন্দী হয়ে পড়ে, জীবিকা নির্বাহে কর্মবিমুখ হতে হয়,স্কুল কলেজগামী শিক্ষার্থীদের পড়ালেখার বিঘ্ন ঘটে।সবচেয়ে বড় সংকট কবরস্থানের। মৃত্যুর পর কাউকে দাফনের জন্য অন্যের জমি চেয়ে নিতে হয়। পাশেই খালি খাস জমি থাকলেও সেটি স্থানীয় প্রভাবশালীদের দখলে। গ্রামবাসীরা কবরস্থানের  জমি বরাদ্দের জন্য স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেছেন।সামাজিক কবরস্থান নির্মাণ করাই এই গ্রামবাসীর একমাত্র প্রচেষ্টা।


বালিয়াডাঙ্গা ও জগহাটির বেশিরভাগ মানুষ টিনের ছাউনি দেওয়া অস্থায়ী ঘরে থাকেন। নেই নিজস্ব জমি, পাকা ঘর, পায়খানা বা চলার রাস্তা। জগহাটির অনেকে বসবাস করেন বাওড়ের পাড়ে। বর্ষায় ঘর পানিতে ডুবে যায়।বিশুদ্ধ খাবার পানি থেকেও বঞ্চিত থাকতে হয় তাদের। তাদের প্রধান পেশা ছিল মাছ ধরা, কিন্তু এখন বাওড়  প্রভাবশালীদের দখলে,এজন্য আদি পেশা থেকে বঞ্চিত হচ্ছে এ সকল সম্প্রদায়ের মানুষ। 

চুড়ামনকাটি গ্রামের বাগদি ও ঋষি সম্প্রদায়ের মানুষ আগে নানাভাবে বৈষম্যের শিকার হতেন। সৃজন প্রকল্পের তথ্য অধিকার আইন ও গণ গবেষণা দলের সহযোগিতায়, অনেক তথ্য পেয়ে ও তথ্য অধিকার আইন চর্চা করে এখন তারা সরকারি  সেবা দানকারী প্রতিষ্ঠানে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন ও যুব উন্নয়ন প্রশিক্ষণে প্রশিক্ষণ নিয়ে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।এবং বেশ কয়েকজন আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছেন, ফলে তারা এখন আর সচরাচর বৈষম্যের শিকার হন না, মূল ধারার মানুষদের সাথে সমতায় বসবাস করছেন।শ্মশানে মন্দির নির্মাণ ও উন্নয়নের জন্য সক্রিয় কমিটি গঠন করেছেন।

তারা জানেন কীভাবে তথ্য অধিকার আইনে আবেদন করতে হয়, কীভাবে স্থানীয় দপ্তরে সমস্যার কথা তুলে ধরতে হয়।এই প্রকল্পে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। ২৮টি নারী ও পুরুষ দলের পাশাপাশি একটি শিক্ষার্থীদের দলও রয়েছে। নারীরা নিজেরা এলাকার সমস্যার কথা বলতে শিখেছেন, আবেদন লিখেন, সরকারি বেসরকারি অফিসে গিয়ে সেবা চান।

তাদের নিয়ে আয়োজন করা হয়েছে তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা, যেখানে অংশ নিয়েছেন পিছিয়ে  পড়া জনগোষ্ঠীর ২৪ জন নারী, ৪ জন পুরুষ,একজন ছাত্র প্রতিনিধি  ও একজন সমাজকর্মী। আলোচনায় এসেছে তথ্য অধিকার, মানবাধিকার, দারিদ্র্তা আত্মনির্ভরতা ও নানাবিধ বিষয়।

সৃজন প্রকল্পের সহযোগিতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান  ও ইউনিয়ন পরিষদের  স্ট্যান্ডিং কমিটিতে সঙ্গে যুক্ত হচ্ছেন। অনেক জায়গায় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াতেও অন্তর্ভুক্ত হচ্ছেন তারা।

যশোর জেলা প্রতিবন্ধী সেবা সহায়তা কেন্দ্র থেকে  হুইলচেয়ার পেয়েছেন এই অঞ্চলের প্রান্তিক মানুষ প্রতিবন্দীরা,যেটাতে সার্বিক সহায়তা করেন রিইবের গবেষণা সহকারী মিনা রানী বিশ্বাস।

সরকারি নিরাপত্তা বেষ্টনী, বিধবা, বয়স্ক,  প্রতিবন্ধী,মাতৃত্বকালীন  ভাতা প্রাপ্তিতে সংযুক্তি বাড়ছে। এছাড়াও জটিল রোগে আক্রান্ত ক্যান্সার, প্যারালাইজড,কিডনি রোগী,স্ট্রোক, লিভারসিরোসিস  রোগীদের এককালিন আর্থিক সহযোগিতা পেয়েছেন অনেকে। কেউ কেউ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ নিয়ে শুরু করেছেন আত্মকর্মসংস্থান।

এক সময় যারা নিজেদের অধিকার সম্পর্কে জানতেন না, আজ তারা নিজেরাই চিঠি লিখে দাবি জানাতে পারেন। সরকারি দপ্তরে গিয়ে বলতে পারেন তাদের সমস্যার কথা। এটি শুধু যশোরের অঞ্চলের এই জনগোষ্ঠীর  সাফল্য নয়, এটি একটি মডেল পরিবর্তন , যা গোটা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার মতো।

‘সৃজন’ প্রকল্প বদলে দিয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর নিজেকে দেখার দৃষ্টিভঙ্গি। যারা একসময় মুখ ফুটে কিছু বলতে সাহস পেতেন না, আজ তারাই সমাজে নিজের অবস্থান তৈরি করছে।আর এসবই সম্ভব হয়েছে রিইবের তিনজন গবেষণা সহকারী চৈতন্য কুমার দাস, মিনা রানী বিশ্বাস ও পলাশ পালের নিরলস প্রচেষ্টায়।