হকার্স মার্কেটে আগুনে পুড়ল ৩০টি দোকান

30 shops gutted in fire
অনলাইন ডেস্ক : ১৮ জুলাই ২০২৫ ০১:৩৮ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ১৮ জুলাই ২০২৫ ০১:৩৮ অপরাহ্ন
হকার্স মার্কেটে আগুনে পুড়ল ৩০টি দোকান
................সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার (১৮ জুলাই) ভোর ৬টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নেভাতে গিয়ে ৫ জন আহত হন। আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ ভোর ৬টার দিকে হকার্স মার্কেটে হঠাৎ আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন না নিভলে তারা ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করেন।

পরে ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।মুন্না নামের ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী জানান, হকার্স মার্কেটটির অধিকাংশই জামাকাপড়ের দোকান। আমার দোকানটিতে কিছুদিন আগে ২০ লাখ টাকার মালামাল কিনে রাখি। আগুনে আমার অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খোরশেদ বলেন, ‘সিটি করপোরেশনের উদ্যোগে চাষাঢ়ায় হকার্সদের পুনর্বাসনের জন্য টিন দিয়ে তৈরি করে ৬৪২টি ছোট দোকান ঘর নির্মাণ করে দেওয়া হয়েছিল। আগুনে হকার্স মার্কেটের ৩০টি দোকানঘর পুড়ে গেছে। হকার্স মার্কেটে ক্ষুদ্র ব্যবসায়ীদের ভাড়া দেওয়া হলেও দাহ্য পদার্থের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।’ চেম্বার অব কমার্সের প্রতি হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা এবং দোকানগুলো পুনর্নির্মাণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রতি অনুরোধ জানান তিনি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান বলেন, ‘খবর পাওয়া মাত্রই আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা সম্ভব হবে।’