কক্সবাজারে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২
কক্সবাজারে ১,৩০,০০০ (এক লক্ষ ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
বিজয়বাংলা নিউজকে র্যাব জানিয়েছে, র্যাব খবর পায় টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাবিরছড়া এলাকায় ইসমাইল এর বাড়িতে কতিপয় ব্যক্তিরা ইয়াবার একটি বড় চালান পাচারের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ২৩ জুলাই সকালে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্প এর অভিযানিক দল ইসমাইল এর বাড়ির ইয়াসিনের টিনের বসত ঘরের ভিতর অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ মোঃ ইয়াসিন ও কেফায়েত উল্লাহ নামে ২ মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
অভিযানকালে ধৃত আসামীদের সহযোগী আসামী দেলোয়ার হোসেন (২৮) উক্ত স্থান হতে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ ইয়াসিন (২৫), পিতা-মোঃ ইসমাইল ও কেফায়েত উল্লাহ (২৪), পিতা-ইসলাম মিয়া, হাবিরছড়া, ইসলাম মিয়ার বাড়ি, ১নং ওয়ার্ড, ৩নং সদর ইউপি, টেকনাফ। গ্রেফতার আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।