ইয়াবা গডফাদার 'রনি কাজীর' সিন্ডিকেটে কক্সবাজারের জসিমসহ অনেকে
ইয়াবা গডফাদার রনি কাজী (৪১) ঢাকা দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার হয়েছে। তিনি কক্সবাজারের একটি মাদক মামলার পলাতক আসামি ছিলেন।
রনি কাজী ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পূর্বপাড় (খালপাড়) ২নং ওয়ার্ডের মৃত মোঃ মোশারাফ কাজী প্রঃ কালু মিয়া প্রঃ কাইল্যার পুত্র।
জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) মো: জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম জানিয়েছেন, গতকাল জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে চাঞ্চল্যকর মাদক মামলার পলাতক আসামি ইয়াবা গডফাদার রনি কাজী (৪১) ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ শুভ্যাঢা পূর্বপাড়া এলাকা হতে গ্রেফতার হয়েছে। তার কাছ থেকে নগদ ২,২৩,৮০০ (দুই লক্ষ তেইশ হাজার আটশত) টাকা, ৪টি মোবাইল ও ২টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, বিগত ৬ জানুয়ারি জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১,৪০,০০০ পিস ইয়াবা ও একটি বিলাসবহুল টয়োটা প্রাডো গাড়িসহ মোঃ ইসমাইল (৪৩) নামে একজন মাদক কারবারি গ্রেফতার হয়। এসময় প্রাডো গাড়ির মালিক রনি কাজী ও জসিম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এ ঘটনায় চকরিয়া থানায় একটি মাদক মামলা রুজু হয়।
উর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক তদারকি ও তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম চালিয়ে যায় এবং পলাতক আসামিদের গ্রেফতারে একাধিকবার কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় রনি কাজীর অবস্থান শনাক্ত করে র্যাব-১০ এর সহযাগিতায় তাকে ঢাকা দক্ষিণ কেরাণীগঞ্জ শুভ্যাঢা পূর্বপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রনি কাজী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘ এক যুগ ধরে ইয়াবা সেবন ও ইয়াবা (মাদক) ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত। মাদক মামলায় পূর্বে গ্রেফতার হলেও জামিনে মুক্ত হয়ে পুনরায় একই অপরাধে লিপ্ত হয়। মাদক ব্যবসা তার একমাত্র পেশা। আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা বিলাসবহুল গাড়ি ব্যবহার করে কক্সবাজারে থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাচার করে আসছে। ইয়াবা গডফাদার রনি কাজীর মাদক সিন্ডিকেটে উক্ত মামলার আসামি কক্সবাজারের জসিমসহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীর তথ্য পাওয়া গেছে। তাদেরকে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত থাকবে।