জুলাই পুনর্জাগরণে পবায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প
রাজশাহীর পবা উপজেলায় “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫” উপলক্ষে স্বাস্থ্যসেবা এবং মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প। পবা উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা মেডিকেলের ডাক্তার, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী এবং সাধারণ মানুষ।
প্রতিষ্ঠানিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘জুলাই পুনর্জাগরণ শুধু একটি সাংস্কৃতিক কর্মসূচি নয়, এটি আমাদের নৈতিক ও মানবিক চেতনার বহিঃপ্রকাশ। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।’ তিনি আরও বলেন, ‘আমরা চাই শুধু একদিন নয়, বছরের বিভিন্ন সময়েও জনগণের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে যাক। এক্ষেত্রে প্রশাসন, চিকিৎসক এবং জনগণের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহা. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘আজকের এই ক্যাম্পে শুধুমাত্র ওষুধ কিংবা প্রেসক্রিপশন দেওয়া হয়নি, আমরা মানুষের মনে আস্থা ফেরানোর চেষ্টা করেছি। যারা হয়তো আর্থিক সীমাবদ্ধতার কারণে চিকিৎসা নিতে পারেন না, তাদের পাশে দাঁড়ানোই ছিল আমাদের মূল উদ্দেশ্য।’
ক্যাম্পে সকাল থেকেই উপচে পড়া ভিড় দেখা যায়। এলাকার বিভিন্ন গ্রাম থেকে আসা রোগীরা ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণ করেন। একটি বুথে চিকিৎসা সেবা চালানো হয় সাধারণ রোগ, শিশু রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং নারীস্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেওয়া হয়। বুথে পর্যাপ্ত ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত রাখা হয়।
চিকিৎসা গ্রহণকারী এক ভ্যানচালক সাইফুল ইসলাম বলেন,‘আমি প্রাইভেট ক্লিনিকে গেলে একেকবার ৫০০/৭০০ টাকা খরচ হয়, কিন্তু এখানে বিনা পয়সায় ডাক্তার দেখাতে পেরেছি, ওষুধও পেয়েছি। এভাবে পাশে থাকলে আমরা গরিব মানুষ বাঁচতে পারি।’
এদিনের কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ দিক ছিল রক্তদান কর্মসূচি। এসময় মেডিকেল সেবা প্রদান করেন- উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাহাত আহমেদ, সিনিয়র স্টাফ নার্স কামনরুন্নাহার, রাজু আহমেদ, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মমিনুল ইসলাম, আফরিন আখতার, মেডিক্যাল টেকনোলজিস্ট আব্দুল মতিন, অফিস সহায়তা মোখলেছুর রহমান। এছাড়াও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা টিম ও প্রশাসনের স্বেচ্ছাসেবক দল। জুলাই পুনর্জাগরণের এই আয়োজন স্বাস্থ্যসেবার একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হতে পারে। বিশেষ করে প্রান্তিক জনগণের মাঝে সরকারের স্বাস্থ্য উদ্যোগকে দৃশ্যমান করার ক্ষেত্রে এ ধরনের ক্যাম্প ভূমিকা রাখবে। পবা উপজেলার মতো দেশের অন্য উপজেলাতেও এমন আয়োজন ছড়িয়ে পড়ুক এমনটাই প্রত্যাশা সকলের।