ভাই-ভাতিজা কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যা করল

The teacher was beaten to death
অনলাইন ডেস্ক ২৮ জানুয়ারি ২০২৪ ১২:৪৯ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২৮ জানুয়ারি ২০২৪ ১২:৪৯ অপরাহ্ন
ভাই-ভাতিজা কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যা করল
নিহত রেজা সাঈদ আল মামুন

জমি নিয়ে বিরোধের জেরে কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছোট ভাই ও দুই ভাতিজার বিরুদ্ধে। রোববার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাজনধারা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত রেজা সাঈদ আল মামুন (৫৫) কালিয়াকৈর উপজেলার সাজনধারা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন। ঘটনার পর থেকে তার ছোট ভাই ও দুই ভাতিজা পলাতক রয়েছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কলেজ শিক্ষক রেজা সাঈদ আল মামুন অন্যান্য দিনের মতো রোববার সকালে কলেজে যান। দুপুরের পর তিনি কলেজ থেকে বাড়ি ফিরেন। বাড়িতে গিয়ে দুপুরের খাবার খেয়ে বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন। এ সময় পেছন দিক থেকে হঠাৎ তার ছোট ভাই মজিবুর ও তার ছেলে সুমন ও সেজান লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করেন তাকে। খবর পেয়ে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। কালিয়াকৈর থানা পুলিশ রাত ৮টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করেন। 

নিহতের শ্যালক আল মামুন জানান, তার বোন জামাই ভাইদের নির্যাতনের কারণে দীর্ঘদিন কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় বাসা নিয়ে ভাড়া থাকতেন। গত দুই বছর আগে তিনি আবার গ্রামের বাড়িতে চলে যান। সেখানে যাওয়ার পর ভাইদের সঙ্গে জমিজমা দিয়ে বিরোধ চলে আসছিল।

নিহতের মেয়ে সুমাইয়া শাহরিন বলেন, আমার বাবা বাড়ির পাশের জমিতে কাজ করতে গেলে পিছন দিক থেকে হঠাৎ চাচা মজিবুর ও চাচাতো ভাই সুমন ও সেজান মারধর করে হত্যা করে ফেলে রাখে। তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার বাবাকে হত্যা করেছে। এর আগেও কয়েকবার আমার বাবাকে তারা মেরেছে।

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, জমিজমা বিরোধকে কেন্দ্র করে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। নিহতের শরীরে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।