নওগাঁর সেই যুবক ​ক্ষমা চেয়ে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা

The young man apologized and announced that he would divorce his sister-in-law
অনলাইন ডেস্ক ২৮ অক্টোবর ২০২৬ ০৪:২৮ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২৮ অক্টোবর ২০২৬ ০৪:২৮ অপরাহ্ন
নওগাঁর সেই যুবক  ​ক্ষমা চেয়ে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা
সংগৃহীত ছবি

নওগাঁয় প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকা অবস্থায় আপন শ্যালিকাকে বিয়ে করে দেশজুড়ে সমালোচনার ঝড় তোলা যুবক এবার ফেসবুক লাইভে এসে জাতির কাছে ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে পরিস্থিতি সামাল দিতে ওই শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।


মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের ভুল স্বীকার করেন তিনি।


এ সময় তাকে হাত জোড় করে সবার কাছে ক্ষমা চাইতে দেখা যায়। ভুক্তভোগী যুবক (৩৫) নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। তিনি টিকটক ও এক আইনজীবীর সহকারী হিসেবে কাজ করেন।


গত রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় তিনি শ্যালিকাকে (২১) বিয়ে করেন। তারা জেলার বদলগাছী উপজেলা সদরে একটি ভাড়া বাসায় থাকতেন। সোমবার রাতে ওই যুবক ও তার দুই স্ত্রীর মুখে চুনকালি মাখিয়ে এবং গলায় জুতার মালা পরিয়ে গ্রামছাড়া করার ঘটনা ঘটে। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।


ফেসবুক লাইভে ওই যুবক বলেন, ‘আমার সবচেয়ে বড় ভুল ছিল প্রথম স্ত্রীকে বহাল রেখেই আপন শ্যালিকাকে বিয়ে করা। প্রথম স্ত্রীকে তালাক দিয়ে শ্যালিকাকে বিয়ে করলে হয়ত এ নিয়ে আইনি বা সামাজিক প্রশ্ন উঠত না, তা আমার জানা ছিল না। অজ্ঞতার কারণে এমন ভুল হয়েছে আমার। যদি বুঝতাম এমন সম্পর্ক সমাজের চোখে অপরাধ এবং ইসলামের দৃষ্টিতে হারাম, তবে আমরা কখনোই এ ধরনের ঘটনা ফেসবুকে প্রকাশ করতাম না। বুঝে-শুনে কেউ আগুনে হাত দেয় না।’


তিনি আরও বলেন, ‘সমাজ ও পরিস্থিতি যেভাবে চাইবে, আমি এখন সেভাবেই জীবন পরিচালনা করবো। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের নিয়ে ছবি ও ভিডিও প্রচার বন্ধ করার অনুরোধ রইলো। যাকে বিয়ে করেছি, সেই শ্যালিকাকে আমি তালাক দেবো।’


স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁর বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের বৈরাগীপাড়ায় প্রথম স্ত্রীকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন ওই যুবক। গত ২৪ অক্টোবর ওই বাসায় তাদের গায়ে হলুদের অনুষ্ঠান হয়। পরদিন ২৫ অক্টোবর প্রথম স্ত্রীর আপন ছোট বোনকে বিয়ে করেন তিনি। বিয়ের পর এ ঘটনার পক্ষে সাফাই গেয়ে ওই যুবক দাবি করেছিলেন, প্রথম স্ত্রীর সম্মতি ও সহযোগিতাতেই তিনি এ বিয়ে করেছেন।


তার ভাষ্য অনুযায়ী, শ্যালিকার অন্যত্র বিয়ে হলে তাদের আগে ধারণ করা কিছু টিকটক ভিডিও নিয়ে তাকে হয়রানির শিকার হতে হতো- এমন আশঙ্কা থেকে তিনি এ সিদ্ধান্ত নেন। বিয়ের পর ২ স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ধর্মে ‘একসঙ্গে দুই বোনকে বিয়ে করার বিধান নেই’- উল্লেখ করে বদলগাছীতে তারা যে বাসায় ভাড়ায় থাকতেন, সেই বাসা ছেড়ে দিতে বলা হয়।


এঘটনার জেরে সোমবার (২৬ অক্টোবর) রাতে মহাদেবপুর উপজেলার মাতাজি বিরামগ্রাম এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। প্রথম স্ত্রীর উপস্থিতিতে শ্যালিকাকে বিয়ে করার প্রতিবাদে স্থানীয় ক্ষুব্ধ জনতা ওই যুবক ও তার দুই স্ত্রীর মুখে চুনকালি মাখিয়ে এবং গলায় জুতার মালা পরিয়ে গ্রামছাড়া করে।