কক্সবাজার পাসপোর্ট অফিস ও সদর হাসপাতাল এলাকা থেকে ৪ দালাল গ্রেফতার
কক্সবাজার পাসপোর্ট অফিস ও সদর হাসপাতাল এলাকায় দালাল চক্র ও সিন্ডিকেট বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেছে র্যাব-১৫। মোবাইল কোর্টে ৪ জন দালালকে গ্রেফতার ও বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করছে ভ্রাম্যমাণ আদালত।
বিজয়বাংলা নিউজকে র্যাব-১৫ জানিয়েছে, সম্প্রতি পাসপোর্ট অফিস ও সদর হাসপাতাল এলাকায় সক্রিয় দালাল চক্রের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। এই দালাল চক্রগুলো সহজ সরল মানুষকে নানাভাবে প্রলোভন দেখিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে এবং সরকারী সেবা প্রদান প্রক্রিয়ায় বাঁধা সৃষ্টি করছে। পাসপোর্ট করতে আসা আবেদনকারী এবং চিকিৎসার জন্য হাসপাতালে আসা রোগীদের কাছ থেকে এই চক্রগুলো অবৈধভাবে অর্থ আদায় করে আসছে। এতে একদিকে যেমন মানুষের আর্থিক ক্ষতি হচ্ছে অন্যদিকে সরকারি প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গতকাল সকালে র্যাব মহাপরিচালকের নির্দেশে ও অধিনায়ক র্যাব-১৫ এর সার্বিক তত্ত্ববধানে র্যাব-১৫ সিপিএসসি এর কোম্পানী কমান্ডার মেজর-মোঃ নাজমুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবজিত পাল ও র্যাব ফোর্সেস এর নির্বাহী ম্যাজিস্ট্রেট-আবু হাসান কক্সবাজার শহরের পাসপোর্ট অফিস ও সদর হাসপাতাল এলাকায় দালাল চক্র ও সিন্ডিকেটের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে। উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে ৪ জন দালালকে হাতেনাতে গ্রেফতার ও বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট।
গ্রেফতার দালাল চক্রের সদস্যরা হল মোঃ নুরু উদ্দিন (২৭), পিতা-মোস্তাক, ৯নং ওয়ার্ড, পূর্ব ঘোনাপাড়া, কক্সবাজার পৌরসভা, আবুল বাশার (৫১), পিতা-মকতুল হোসেন, বৌদ্ধর খোলা, কক্সবাজার সদর, বিপ্লব বড়ুয়া (৩০), পিতা-অলঙ্গ বড়ুয়া, খরুলিয়া, ৯নং ওয়ার্ড, কক্সবাজার সদর, পলাশ (৪২) পিতা-খোকা, ঘোরকঘাটা, মহেশখালী।