আগামী বছরই রাজশাহীতে বিপিএলের ম্যাচ: আসিফ মাহমুদ
আগামী বছরই রাজশাহীতে বিপিএলের ম্যাচ আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ পরিকল্পনার কথা জানান।
উপদেষ্টা বলেন, ‘ডিসেন্ট্রালাইজ করার জন্য উত্তরবঙ্গে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম ও দক্ষিণবঙ্গে খুলনা বা বরিশাল স্টেডিয়ামে আগামী বছরের মধ্যে বিপিএল করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এবার বিপএলের কয়েকটি ম্যাচ আয়োজন করতে পারব।’
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হওয়ার বিষয়েও কথা বলেন তিনি। উপদেষ্টা মনে করেন, ছাত্রসংগঠনগুলো যদি নিজেদের মধ্যে বোঝাপড়া করত, তাহলে তাদের মধ্যে মুখোমুখি বিদ্বেষমূলক পরিস্থিতি এবং হলে রাজনীতি নিষিদ্ধের মতো সিদ্ধান্ত আসতো না।
তিনি বলেন, ‘৫ আগস্টের পর সবখানেই সংস্কার হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির বিষয়টাও এই পর্যায়ে আসত না যদি ছাত্রসংগঠনগুলো নিজেরা বোঝাপড়া করত। তারা নিজেরা একসঙ্গে বসলে শিক্ষার্থীবান্ধব একটা রূপরেখা হতে পারত।’
আসিফ মাহমুদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করেছে। আমাদের ছাত্রসংগঠনগুলোর আরেকটু ম্যাচিউরড হওয়ার সুযোগ ছিল। এখন শিক্ষার্থীবান্ধব একটা রূপরেখা প্রণয়ণ করে বোঝাপড়া হতে পারে এবং তার ভিত্তিতে আগামীতে চলতে পারে।’
এরপর খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে স্টেডিয়াম ঘুরে দেখেন উপদেষ্টা। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ ও জেলা প্রশাসক আফিয়া আখতার উপস্থিত ছিলেন।
এর আগে সকালে রাজশাহী সার্কিট হাউসে জেলার ১২টি প্রকল্পের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে একসঙ্গে প্রকল্পগুলোর ফলক উন্মোচন করেন তিনি। এই ১২ প্রকল্পের মধ্যে শুধু রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে সিটি করপোরেশন। অন্যগুলো বাস্তবায়নে ছিল স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)।