কক্সবাজার মোটরসাইকেল চোর চক্রে নারী!
মোটরসাইকেল চোর চক্রের এক নারী সদস্য ধরা পড়েছে। এঘটনায় চোরাই দুটি মোটর সাইকেল উদ্ধার করেছে র্যাব-১৫।
বিজয়বাংলা নিউজকে র্যাব জানিয়েছে, কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়াছড়া এলাকার আব্দুস সালামের গ্যারেজে ব্যক্তি মালিকানার মোটরসাইকেল রেখে বাসায় গিয়েছিলেন এনামুল হক। কিছুক্ষণ পর এসে তার মোটরসাইকেল না পেয়ে উক্ত ভবনের সিসি ক্যামেরা দেখে নিশ্চিত হন, দুইজন অজ্ঞাতনামা পুরুষ ও নারী কৌশলে মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে তিনি সদর থানায় একটি চুরি মামলা দায়ের করেন। বিষয়টি নজরে আসার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে।
তথ্য প্রযুক্তির সহায়তা ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের সিসি ক্যামেরার ভিডিও যাচাইপূর্বক র্যাব চুরি হওয়া মোটরসাইকেলের গতিবিধি ও চোরদের অবস্থান শনাক্তের চেষ্টা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গতকাল দীর্ঘ ২৪ ঘণ্টা সি সিটিভি ফুটেজ বিশ্লেষণ শেষে র্যাব চুরি হওয়া মোটরসাইকেলটির ও চোরদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। গভীর রাতে নতুন বাহারছড়া এলাকায় বিশেষ অভিযান পরচালনা করে চুরি হওয়া মোটরসাইকেলসহ রুনা আক্তারকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার রুমা (৩৫) কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের নতুন বাহারছড়ার একরাম হোসেনের স্ত্রী।
উল্লেখ্য যে, অভিযানের সময় উক্ত বাসায় আরও একটি মোটর সাইকেল পাওয়া যায়। উক্ত মোটরসাইকেলের ব্যাপারে আটক রুমা কোন সুনির্দিষ্ট তথ্য বা বৈধ কাগজপত্র না দেখাতে পারায় বিধি মোতাবেক তা জব্দ করা হয়।