পবায় মাছের পোনা অবমুক্তকরণ

Fish fry release
নিজস্ব প্রতিবেদক: ১৪ আগস্ট ২০২৫ ০৮:৪২ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
নিজস্ব প্রতিবেদক: ১৪ আগস্ট ২০২৫ ০৮:৪২ অপরাহ্ন
পবায় মাছের পোনা অবমুক্তকরণ
পবায় মাছের পোনা অবমুক্তকরণ

উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছের প্রাচুর্য বৃদ্ধি এবং স্থানীয় জেলেদের জীবিকা নির্বাহে সহায়তার লক্ষ্যে রাজশাহীর পবা উপজেলায় ২২টি পুকুর ও খালে ৫১৫ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা ছাড়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা অবমুক্ত করে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের পরিচালক মো. সাইফুদ্দিন ইয়াহিয়া।

সরকারি এই উদ্যোগে স্থানীয় জেলেদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। তালতলা মৎস্যজীবী সমবায় সমিতির এক সদস্য বলেন, ‘নদী-খালে আগের মতো মাছ পাওয়া যায় না, আমাদের আয়ও কমে গিয়েছিল। সরকার থেকে এভাবে মাছের পোনা ছাড়ার ফলে আগামীতে আমাদের মাছ পাওয়ার সুযোগ বাড়বে, আয়ও উন্নত হবে।’

মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের পরিচালক সাইফুদ্দিন ইয়াহিয়া বলেন, ‘সরকারের এই ধরনের উদ্যোগ মৎস্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এর সুফল ধরে রাখতে হলে স্থানীয় জনসাধারণ ও জেলেদের সম্পৃক্ততা অপরিহার্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা জলাশয়গুলোকে রক্ষা করতে পারলে তা কেবল জেলেদের জীবনযাত্রার মান উন্নয়নই করবে না, বরং দেশীয় মাছের জিনপুল সংরক্ষণেও সহায়ক হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ বলেন, ‘মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য খাতের উন্নয়ন অপরিহার্য। এই উদ্যোগ শুধু মাছের উৎপাদন বাড়াবে না, গ্রামীণ অর্থনীতিকেও শক্তিশালী করবে।’ তিনি জলাশয়গুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে স্থানীয় জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান।

মৎস্য কর্মকর্তা ওয়ালী উল্লাহ মোল্লা জানান, ‘পবা উপজেলায় মাছ চাষের সম্ভাবনা ব্যাপক। এখানকার উৎপাদিত মাছ রাজধানীসহ সারাদেশে সরবরাহ করা হয়। এই পোনা অবমুক্তকরণের ফলে উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছের বংশবৃদ্ধি ঘটবে এবং জীববৈচিত্র্য রক্ষা পাবে।’

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালী উল্লাহ মোল্লার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আব্দুল মান্নান, উপজেলা সমাজসেবা অফিসার মো. মতিনুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মো. সুলতানুল ইসলাম, পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সহ জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় মৎস্য চাষী প্রতিনিধিগণ ও মৎস্য দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য দপ্তর ১ লক্ষ ৯০ হাজার টাকা ব্যয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করছে। উপজেলা ও সিটি এলাকার ২২টি জলাশয়ে ৫শত ১৫ কেজি দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।