স্কুল ব্যাগে ৩ অস্ত্রসহ গ্রেফতার ২
কক্সবাজারে বিশেষ অভিযানে আঞ্চলিক মহাসড়কের হতে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ২ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
বিজয়বাংলা নিউজকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) জসিম উদ্দিন চৌধুরী পিপিএম জানান, শনিবার ১৭ আগস্ট সকাল ৮টায় অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোপনসূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পেকুয়ার টৈটং মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের উপর চেকপোস্ট করাকালীন একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে স্কুল ব্যাগে গোপনে লুকায়িত ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
অবৈধ আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগে রবিউল হাসান (১৮), পিতা-মিজান, লামছড়ি, ৮নং ওয়ার্ড, লক্ষীপুর সদর, লক্ষীপুরকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তার সহযোগী হৃদয় হোসেন (২২), পিতা-ইলিয়াছ হোসেন, সোনাপুর, খেরু বাড়ি, ৫নং পার্বতীনগর, লক্ষীপুর সদর, লক্ষীপুরকে চট্টগ্রাম জেলার কর্ণফুলীর মইজ্যারটেক এলাকা হতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামীরা জানায়, উদ্ধার অস্ত্র (দেশীয় তৈরী এলজি) মহেশখালী এলাকা হতে ক্রয় করে বিক্রয়ের উদেশ্যে লক্ষীপুর জেলার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।