‘আমার আর কোনো আংটির প্রয়োজন নেই, এটিই যথেষ্ট’
বলিউড অভিনেত্রী অর্চনা পূরণ সিং ও অভিনেতা পরমিত শেঠির ঘরে বইছে আনন্দের জোয়ার। এই তারকা দম্পতির ছেলে আর্যমান শেঠি সঙ্গে বাগদান সেড়েছেন অভিনেত্রী যোগিতা বিহানি। বাগদানের পর অর্চনা পূরণ সিং তার পুত্রবধূর হাতে পারিবারিক ঐতিহ্যের আংটি পরিয়ে দেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি নতুন বাড়ি দেখতে গিয়ে আর্যমানের সঙ্গে যোগিতার পরিচয়। সেখান থেকেই ভালোলাগা।
এছাড়া আর্যমানের ইউটিউব চ্যানেলে পারিবারিক ভ্লগের উঠে এসেছে সেই গল্প। শুরুতেই মজার ছলে কথা বলতে শোনা যায় অর্চনা পূরণ সিংকে। তিনি যোগিতাকে উদ্দেশ করে বলেন, ‘তুমি জানো না কী ঝামেলার মধ্যে পড়লে।’ সঙ্গে হাসি দিয়ে যোগিতা জবাব দেন, ‘আমি ওর সবকিছুই ভালোবাসি।’
এরপর আর্যমান ক্যামেরার সামনে জানান, এই মুহূর্তটির জন্য তিনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন। হেসে বলেন, ‘অনেক কান্না আর প্রতীক্ষার পর অবশেষে আমি ভালোবাসা খুঁজে পেয়েছি।’
পারিবারিক ঐতিহ্যের একটি বিশেষ আংটির সঙ্গে যোগিতাকে পরিচয় করিয়ে দেন অর্চনা পূরণ সিং। তিনি জানান, এই আংটিটি প্রথমে ছিল তার মায়ের, পরে বিয়ের সময় পরমিত শেঠি সেটি তাকে উপহার দেন। এবার সেটি পুত্রবধূ যোগিতার হাতে তুলে দেন তিনি।
আংটি হাতে পেয়ে আবেগাপ্লুত যোগিতা বলেন, ‘আমার আর কোনো আংটির প্রয়োজন নেই, এই আংটিই আমার কাছে যথেষ্ট। এটি একেবারেই নিখুঁত।’
ভ্লগে আরও দেখা যায়, বাগদান অনুষ্ঠান নিয়ে পারিবারিক আলোচনার কিছু অংশ। আর্যমান ও যোগিতা জানান, নতুন বাড়িটি তৈরি হয়ে গেলে সেখানেই আয়োজন করতে চান ঘনিষ্ঠ স্বজনদের নিয়ে ছোট্ট এক পার্টি।
সূত্র: এনডিটিভি।