বুক চেপে ধরে মঞ্চেই পড়ে গেলেন অভিনেতা
বুক চেপে ধরে অনুষ্ঠানের মঞ্চেই পড়ে যান অভিনেতা। তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় তৎক্ষণাত। সেখান থেকে দ্রুত তাকে নেওয়া হয় হাসপাতালে। এখনও সেখানেই চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় মালায়ালাম অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক রাজেশ কেশব। তার বয়স মাত্র ৪৯ বছর।
গত রোববার রাতের ঘটনা। কোচির একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠান চলাকালে হঠাৎ হৃদযন্ত্রের জটিলতায় আক্রান্ত হন রাজেশ। লুটিয়ে পড়েন মঞ্চে। দ্রুত তাকে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজেশ কেশব হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এবং জরুরিভিত্তিতে তার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। বর্তমানে তিনি ভেন্টিলেটর সাপোর্টে আছেন। তার অবস্থা অত্যন্ত সংকটজনক।
চিকিৎসকরা জানিয়েছেন, ৭২ ঘণ্টা না পেরোলে তার শারীরিক অবস্থার হালনাগাদ কোনো তথ্য নিশ্চিত করা যাবে না। অভিনেতার হৃদযন্ত্রের কিছুটা উন্নতি হলেও, চিকিৎসকদের আশঙ্কা মস্তিষ্কে সামান্য আঘাত থাকতে পারে তার।
ঘটনায় মুষরে পড়েছে মালায়ালাম চলচ্চিত্র ও টেলিভিশন জগত। রাজেশ কেশবের বন্ধু ও পরিচালক প্রতাপ জয়লক্ষ্মী ফেসবুকে অভিনেতার শারীরিক অবস্থার আপডেট দেন এবং তার দ্রুত আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি লিখেছেন, ‘আমাদের প্রিয় রাজেশ, প্রাণবন্ত উপস্থিতিতে যে মঞ্চ মাতিয়ে রাখতেন, তিনি যান্ত্রিক সহায়তায় স্থির হয়ে শুয়ে আছেন।’
রাজেশ কেশব আরকে নামে পরিচিত। টেলিভিশনে উপস্থাপক হিসেবে তিনি দারুণ জনপ্রিয়। বেশ কয়েকটি মালায়ালাম সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। তার আকস্মিক অসুস্থতার খবরে সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করছেন।