পবায় মাষকলাই বীজ ও সার বিতরণের উদ্বোধন
রাজশাহীর পবা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে মাষকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে উপজেলার চরাঞ্চলের কৃষকদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কার্যালয় প্রাঙ্গনে মাষকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আব্দুল মান্নান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ বলেন, ‘বন্যা পরবর্তী সময়ে বর্তমান সরকারের লক্ষ্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। এজন্য জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। খালি জমি ফেলে রাখা যাবে না। আমরা যে সার ও বীজ দিচ্ছি, তা কাজে লাগিয়ে আপনারা সাধ্যমতো চাষাবাদ করবেন। বীজ নিয়ে কেউ অবহেলা করবেন না। এই উদ্যোগের মাধ্যমে আপনাদের উৎপাদন বাড়বে এবং দেশের কৃষি অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। চরাঞ্চল কৃষির সম্ভাবনাময় এলাকা। এ ধরনের প্রণোদনা কার্যক্রমের মাধ্যমে কৃষকরা আরও উৎসাহিত হবেন। আমরা চাই, চরাঞ্চলের প্রতিটি ইঞ্চি জমি ফসলি জমিতে পরিণত হোক।’
উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল মান্নান জানান, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলায় মোট তিন হাজার কৃষকের জন্য বিনামূল্যে মাষকলাই বীজ ও সার বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে পবা উপজেলার চরাঞ্চলের কৃষকদের প্রাধান্য দিয়ে ১২শ’ কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এই প্রণোদনার আওতায় প্রত্যেক কৃষককে এক কেজি মাষকলাই বীজ, পাঁচ কেজি এমওপি (পটাশ) সার এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে। চরাঞ্চল কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্ষার পানি নেমে গেলে এই চরাঞ্চলে ব্যাপক আকারে খরিপ ফসল চাষ হয়। এ কারণে সরকার কৃষি প্রণোদনার মাধ্যমে কৃষকদের উৎসাহিত করছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রায়হান উদ্দিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার তন্ময় কুমার সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুর রাজ্জাক, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এরসাদ আলী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার হাফিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন দেওয়ান ও রবিউল ইসলাম, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রুবেল রানাসহ উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী এবং বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
এসময় তাঁরা মাষকলাই বীজ ও সার পেয়ে আনন্দ প্রকাশ করে জানান, এ ধরনের সহায়তা তাদের কৃষি কাজে বিশেষ ভূমিকা রাখবে। প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কিছুটা হলেও কমবে। পাশাপাশি কৃষকদের মধ্যে কৃষি প্রযুক্তি ও উন্নত চাষাবাদের প্রবণতা বাড়বে বলে আশা প্রকাশ করেছেন।