পলাতক ৩ মাদক কারবারির ঘর থেকে ১৬ লাখ টাকাসহ গ্রেফতার ২
কক্সবাজারে ৩ শীর্ষ মাদক কারবারির বসত বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ২ জন নারী মাদক কারবারি গ্রেফতার করেছে র্যাব-১৫।
বিজয়বাংলা নিউজকে র্যাব জানিয়েছে, গতকাল আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুতুপালং গ্রামের সাদ্দাম হোসাইন, মহিউদ্দিন এবং হেলাল উদ্দিনের ঘরের ভিতর বিপুল পরিমাণ মাদক মজুদ করে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ এর আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারিরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এতে র্যাব দল মাহমুদা খাতুন (৫৯) এবং সাজেদা খাতুন সাজু (১৯) নামের দুজনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হলেও আরো ৩ জন মাদক কারবারি পালিয়ে যায়।
গ্রেফতারদের দেওয়া তথ্য মতে, পলাতক মাদক কারবারি সাদ্দাম হোসাইন, মহিউদ্দিন ও হেলাল উদ্দিনের বসতঘরে তল্লাশি করে ৮৯,৬০০ পিস ইয়াবা টেবলেট, ইয়াবা বিক্রয়ের ১৬,৭১,৮৩০/-(ষোল লক্ষ একাত্তর হাজার আটশত ত্রিশ) টাকা, ৩টি এন্ড্রয়েড মোবাইল ফোন ও ২টি পাসপোর্ট উদ্ধার করা হয়।
গ্রেফতার ২ নারী মাদক কারবারি হলো মাহমুদা খাতুন (৫৯), স্বামী-সিরাজুল হক এবং সাজেদা বেগম সাজু (১৯), স্বামী-সাদ্দাম হোসেন, কুতুপালং পশ্চিম পাড়া, ৯নং ওয়ার্ড, রাজাপালং, উখিয়া।
গ্রেফতার মাদক কারবারিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা পরস্পরের সহযোগীতায় দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছে।