চাঁপাইনবাবগঞ্জে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে শনিবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫-এর প্রাতিষ্ঠানিক পর্ব। এ প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির ৬টি টেকনোলজি বিভাগ থেকে মোট ১৫টি উদ্ভাবনী প্রকল্প অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে Smart Human Health Monitoring System, দ্বিতীয় স্থান অধিকার করে IoT Based Smart Control System এবং তৃতীয় স্থান অধিকার করে Solar Peltier Plate Refrigerator System শীর্ষক উদ্ভাবন।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ASSET প্রকল্প,কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মীর জাহিদ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অডিট ও আইন) ড. রেজা হাসান মাহমুদ,চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অধক্ষ্য আবদুর রহিম, এবং ASSET প্রকল্প পোগ্রাম অফিসার প্রকৌশলী মো.জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মীর জাহিদ হাসান বলেন, “কারিগরি শিক্ষার্থীরা দেশের উন্নয়ন ও শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
দেশব্যাপী সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ মোট ২২৭টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট বৃহৎ পরিসরে প্রতিযোগিতার আয়োজন করে সবার জন্য উন্মুক্ত প্রতিযোগিতায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কলকারখানার প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আগামী অক্টোবর ও নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে আঞ্চলিক পর্ব এবং ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে জাতীয় পর্বের প্রতিযোগিতা। চূড়ান্ত পর্বে বিজয়ী তিনটি উদ্ভাবনী প্রকল্পের উদ্ভাবকদের প্রদান করা হবে আকর্ষণীয় পুরস্কার।