কক্সবাজারে বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কক্সবাজারে একটি বৌদ্ধ বিহার থেকে এক ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ২৮ সেপ্টেম্বর সকালে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকুল পুরাতন রাখাইন বৌদ্ধ বিহার থেকে লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ (ওসি)।
নিহত ভিক্ষুর নাম থুই নু মং মারমা, প্রকাশ কিমা চারা (২২)। তিনি রাঙামাটির কাউখালী উপজেলার দাপুয়া গ্রামের মং শিপ্রু মারমার ছেলে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, থুই নু মং মারমা দীর্ঘদিন ধরে ওই বিহারে থাকতেন। সকালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা তারা জানেন না।
রামু প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি আমীর হোছাইন হেলালী জানান, মর্মান্তিক বিষয়। পরিকল্পিত হত্যা না আত্মহত্যা বিষয়টি পরিস্কার হওয়া দরকার।
বিজয়বাংলা নিউজকে ওসি বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ ফ্রিজিংয়ে রাখা হবে। নিহতের পরিবারের মতামতের ভিত্তিতে হবে পরবর্তী সিদ্ধান্ত।