নাটোরে পাটের প্রতিমায় দুর্গা লালবাজারের রবি সুতোম মণ্ডপে ভিন্ন আমেজ

Durga idol in jute creates a different atmosphere at Lalbazar's Ravi Sutom Mandap
জেসিকা শেক ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৭ অপরাহ্ন সারা বাংলা
জেসিকা শেক ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৭ অপরাহ্ন
নাটোরে পাটের প্রতিমায় দুর্গা  লালবাজারের রবি সুতোম মণ্ডপে ভিন্ন আমেজ

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে নাটোর শহরের লালবাজারের ঐতিহ্যবাহী রবি সুতোম মণ্ডপে প্রথমবারের মতো পাট দিয়ে দুর্গা প্রতিমা নির্মাণ করা হয়েছে। ব্যতিক্রমী এই উদ্যোগে ভক্ত-দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

মণ্ডপ কর্তৃপক্ষ জানায়, প্রতিমা নির্মাণে প্রায় ৮০ কেজি দেশীয় পাট ব্যবহার করা হয়েছে। বাঁশ ও খড়ের কাঠামোর ওপর মাটির আবরণ দেওয়ার পর প্রতিমার সাজ, অলঙ্কার, শাড়ি, এমনকি দেবীর চুল পর্যন্ত পাট দিয়ে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। ফলে পুরো প্রতিমা পেয়েছে অনন্য রূপ।

এই প্রতিমা নির্মাণ করেছেন নাটোরের খ্যাতনামা পুরোহিত ও শিল্পী পণ্ডিত প্রশান্ত চক্রবর্তী ও তাঁর সহকারী দল। দেড় মাসের শ্রমে তৈরি এই শিল্পকর্ম নিয়ে তিনি বলেন, “আমাদের দেশের সোনালি আঁশ পাট দিয়ে প্রতিমা নির্মাণ ছিল বহুদিনের ইচ্ছে। অবশেষে লালবাজার মণ্ডপে সেই স্বপ্ন পূরণ হয়েছে। এতে ভক্তরা যেমন নতুনত্ব পাচ্ছেন, তেমনি দেশীয় ঐতিহ্যও সামনে আসছে।”

এবারের মণ্ডপ সজ্জায়ও পাটের বিশেষ ব্যবহার করা হয়েছে। প্যান্ডেল সাজানো হয়েছে পাটের তৈরি ঝালর, ঝাড়বাতি ও শিকল দিয়ে। ফলে মণ্ডপের সাজসজ্জায় গ্রামীণ বাংলার আবহ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি জানান, পরিবেশবান্ধব এই উদ্যোগ দেশের ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপন করবে। তিনি বলেন, “আমরা চাই এ ধরনের প্রতিমা নির্মাণ দেশের অন্যান্য জায়গাতেও ছড়িয়ে পড়ুক। পাট আমাদের অর্থনীতির ইতিহাস বহন করে, সেই সোনালি ঐতিহ্য শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরতে পেরেছি বলে আমরা গর্বিত।”

প্রতিদিন সন্ধ্যায় আরতি ও সাংস্কৃতিক আয়োজন দেখতে এখন দর্শনার্থীদের ভিড়ে সরগরম হয়ে উঠছে নাটোরের লালবাজার।