তিন দিন পর ৩ জেলা থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

Bus service started
নিজস্ব প্রতিবেদক: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৫৮ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৫৮ অপরাহ্ন
তিন দিন পর ৩ জেলা থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু
অবশেষে তিন দিন পর রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।ছবি - কাবিল হোসেন

অবশেষে তিন দিন পর রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। মালিক ও শ্রমিকদের মধ্যে ঢাকায় এক বৈঠকের পর সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে বাস চলাচল শুরু হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে মালিকপক্ষ বাস বন্ধ করে দেয়।

সোমবারের বৈঠকে সিদ্ধান্ত হয়, ঢাকা থেকে রাজশাহী কিংবা চাঁপাইনবাবগঞ্জ রুটে চালক ১ হাজার ৭৫০ টাকা, সুপারভাইজার ৭৫০ টাকা ও হেলপার ৬৫০ টাকা পাবেন। ঢাকা-কানসাট কিংবা ঢাকা-রহনপুর রুটে চালক পাবেন ১ হাজার ৯৫০ টাকা, সুপারভাইজার ৮০০ টাকা ও হেলপার ৭০০ টাকা। আগে খোরাকি ভাতা ২১০ টাকা। সেটি বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে। যাত্রাপথে শ্রমিকেরা বিনাটিকিটের যাত্রী তুলতে পারবেন না।

এর আগে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ৮ ও ৯ সেপ্টেম্বর কর্মবিরতি পালন করেছিলেন শ্রমিকরা। সে সময় মালিকদের আশ্বাসে কাজে ফেরেন তারা। কিন্তু দাবি পূরণ না হওয়ায় ২২ সেপ্টেম্বর আবারও কর্মবিরতির ডাক দেন শ্রমিকরা। পরে দাবি মেনে নেওয়া হলেও মালিকপক্ষ অভিযোগ তোলে, অযৌক্তিক কিছু দাবি আনছেন শ্রমিকেরা। এ অবস্থায় গত বৃহস্পতিবার রাত থেকে মালিকপক্ষ হঠাৎ দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়।

উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল বলেন, ‘এ নিয়ে ঢাকার গাবতলীতে বৈঠক হয়েছে। দুই পক্ষের সমঝোতায় আপাতত বাস চলাচল শুরু হয়েছে।’