রাজশাহীতে বিশ্ব নদী দিবসে মানববন্ধন

World Rivers Day
ছোটন সরদার , রাজশাহী ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৫২ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার , রাজশাহী ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৫২ অপরাহ্ন
রাজশাহীতে বিশ্ব নদী দিবসে মানববন্ধন
বিশ্ব নদী দিবস-২০২৫ উপলক্ষে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব নদী দিবস-২০২৫ উপলক্ষে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত সাহেববাজার জিরোপয়েন্টে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৫০ থেকে ৬০ জন পরিবেশকর্মী, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের সদস্যরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন— বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলার সভাপতি ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, বাপা রাজশাহী জেলার ক্রীড়া সম্পাদক গোলাম নবী রনি, সাবেক ছাত্রনেতা ও সমাজকর্মী সম্রাট রায়হান এবং সাংবাদিক ও সমাজসেবক মো. অলিউর রহমান বাবু।

বক্তারা বলেন, পদ্মা নদী শুধু রাজশাহীর জীবন-প্রকৃতি নয়, এই অঞ্চলের সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধেরও অংশ। পদ্মা নদী উদ্ধার হলে রাজশাহী যানজটমুক্ত ও পরিবেশবান্ধব আধুনিক শহরে রূপ নিতে পারবে। বক্তারা আরও বলেন, দেশের প্রায় সব নদ-নদী এখন দখল ও দূষণের কবলে। অবৈধ স্থাপনা এবং দখল-দূষণের কারণে পদ্মার স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

অবিলম্বে পদ্মার অবৈধ দখল উচ্ছেদ, নদী খনন, বর্জ্য ও পলিথিন অপসারণের দাবি জানান বক্তারা। তাঁদের মতে, নদী টিকলে পরিবেশ টিকবে; আর নদী বাঁচলে পরিবেশও বাঁচবে। রাজশাহীর প্রাকৃতিক ঐতিহ্য ও জীববৈচিত্র্য রক্ষায় পদ্মা নদীকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে।