শারদীয় পূজা মন্ডপে নজরদারি, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত র্যাব
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার মন্ডপে নজরদারি এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে র্যাব-১৫।
র্যাব-১৫ জানায়, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসব। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। আবহমান কাল ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ‘ধর্ম যার যার, উৎসব সবার’-এ মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশে আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে পালন করে আসছি।
পূর্জার মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়। ২ অক্টোবর বিজয়া দশমী বিসর্জনের মধ্যদিয়ে দূর্গাপূজা শেষ হবে। এ বছর কক্সবাজার ও বান্দরবান জেলার ৩৪৮টি পূজামন্ডপে (কক্সবাজারে-৩১৭, বান্দরবানে-৩১) শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে।
ডিজির নির্দেশক্রমে ও অধিনায়ক র্যাব-১৫, কক্সবাজার এর সার্বিক তত্ত্বাবধানে ও গুরুত্বপূর্ণ পূজামন্ডপসহ সকল শারদীয় দূর্গাপূজায় পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে কক্সবাজার ও বান্দরবান জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব-১৫। অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাব ও মোবাইল এবং স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে নিরাপত্তা দায়িত্ব পালন করবে। পূজাকে কেন্দ্র করে গোয়েন্দা তথ্য সংগ্রহসহ বৃদ্ধি করা হয়েছে র্যাবের তৎপরতা ও নজরদারি। যে কোন ধরণের নাশকতা এড়ানোর লক্ষ্যে র্যাব-১৫ সার্বিকভাবে পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে।
পূজামন্ডপকে ঘিরে সার্বিক নিরাপত্তায় প্রতিনিয়ত র্যাবের ১২টি পিকআপ (৯৬ জন) ও ১১টি মোটরসাইকেল পেট্রোলিং (২২ জন) এবং সাদা পোষাকে (৪৫ জন) গোয়েন্দা নজরদারি চলমান রাখাসহ ১৬৩ জন নিয়োজিত থাকবে। এছাড়াও বাড়তি নজরদারিসহ প্রস্তুত থাকবে র্যাবের স্ট্রাইকিং ফোর্স।
র্যাব জানায়, এ পর্যন্ত কোনো ধরনের নাশকতার সম্ভাবনা নাই। যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি প্রতিরোধে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। তারপরও যেকোনো সময় যেকোনো পরিস্থিতি এড়াতে আমরা তৎপর রয়েছি। র্যাব-১৫ ব্যাটালিয়ন সদরে স্থাপিত কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিকভাবে সার্বিক নজরদারি অব্যাহত থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা থাকলে র্যাবকে তথ্য দিন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।