রাজশাহীতে তিন প্রকল্পে কাটা পড়ছে ২৩২৩ গাছ

2,323 trees are being cut down
বিজয় বাংলা ডিজিটাল ডেস্ক ০৪ অক্টোবর ২০২৫ ১২:০৬ অপরাহ্ন বিশেষ সংবাদ
বিজয় বাংলা ডিজিটাল ডেস্ক ০৪ অক্টোবর ২০২৫ ১২:০৬ অপরাহ্ন
রাজশাহীতে তিন প্রকল্পে কাটা পড়ছে ২৩২৩ গাছ
রাজশাহীতে তিন প্রকল্পে কাটা পড়ছে ২৩২৩ গাছ।__প্রতীকী ছবি

রাজশাহীতে গাছ কাটার ‘মহোৎসব’ শুরু হয়েছে। তিনটি প্রকল্প বাস্তবায়নের জন্য কাটা পড়ছে ২ হাজার ৩২৩টি গাছ। ইতোমধ্যে এক প্রকল্পের ৪১৮টি গাছ কাটা শুরু হয়েছে। দ্রুতই অন্য দুই প্রকল্প বাস্তবায়নে বাকি গাছগুলো কাটা শুরু হবে। গাছ কেটে এমন উন্নয়নে উদ্বিগ্ন হয়ে উঠেছে রাজশাহীর পরিবেশবাদী সংগঠনগুলো। তারা গাছ কেটে এমন উন্নয়নের বিরোধিতা করছে।

নতুন ক্যাম্পাস স্থাপনের জন্য সবচেয়ে বেশি ১ হাজার ৮৫৩টি গাছ কাটতে চায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) কর্তৃপক্ষ। এছাড়া রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) নতুন পাইপলাইন স্থাপনের জন্য ৪১৮টি গাছ কাটছে সড়ক বিভাগ। আর ৫২টি গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়েছে রাজশাহী সার্কিট হাউস সম্প্রসারণে।

এভাবে নির্বিচারে পুরনো গাছ কেটে ফেলায় ক্ষোভ প্রকাশ করে সবুজ সংহতির সদস্য আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রাজশাহী চরমভাবাপন্ন আবহাওয়ার শহর। এখানে দিনে দিনে গাছের সংখ্যা কমে যাচ্ছে। যেখানে ২৫ ভাগ বনভূমি প্রয়োজন, রাজশাহীতে সেটা রাখতে আমরা ব্যর্থ হয়েছি। যা আছে, সেটাও ধ্বংস করা হচ্ছে। বড় গাছ কমে যাওয়ায় পাখিও কমে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সার্কিট হাউসে এখনকার তিনতলা ভবনের পাশে একটি ছয়তলা ভবন, একটি চারতলা ব্যারাক এবং একটি একতলা কিচেন নির্মাণের পরিকল্পনা নিয়েছে গণপূর্ত বিভাগ। ইতোমধ্যে ভবন নির্মাণের জন্য দরপত্র আহবান করা হয়েছে। তার আগে জায়গা ফাঁকা করতে ৫২টি গাছ কাটার সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি গাছগুলো মাত্র ১ লাখ ৫৩ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। তবে বৃহস্পতিবার পর্যন্ত গাছ কাটা শুরু হয়নি। এই গাছ না কাটার বিষয়ে সম্প্রতি পরিবেশবাদী সংগঠনের নেতারা গণপূর্তে গিয়ে অনুরোধ করেছেন।

এদিকে জেলার গোদাগাড়ী উপজেলার পদ্মা নদী থেকে রাজশাহী নগরে পানি আনার জন্য রাজশাহী ওয়াসা ৪ হাজার ৬২ কোটি টাকার ‘পানি শোধনাগার’ প্রকল্প বাস্তবায়ন করছে। এ জন্য বসাতে হচ্ছে ২৬ কিলোমিটার নতুন পাইপলাইন। পাইপ বসানোর জন্য কোনো জায়গা অধিগ্রহণ করা হয়নি। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশ দিয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় পাইপ বসানো হচ্ছে। এ কারণে সওজ নগরের কাশিয়াডাঙ্গা থেকে পশ্চিমে নতুন কসবা, কসবা গোরস্থান হয়ে এইচবিবি রাস্তার পাশ পর্যন্ত ডান দিকের (উত্তর পাশের) থাকা কড়ই, মেহগনি, আকাশমণিসহ নানা প্রজাতির ৩০৬টি গাছ কেটে ফেলা হচ্ছে। মহাসড়কটি আগে সবুজে ঢাকা থাকলেও প্রায় তিন কিলোমিটার এলাকা এখন ফাঁকা হয়ে যাচ্ছে।

এছাড়া একই প্রকল্পের জন্য গোদাগাড়ীর রাজাবাড়ি এলাকায় ১১২টি গাছ নিলামের আগেই কেটে ফেলা হয়েছে। ওয়াসা এসব গাছ কেটে সওজের কাছে জমা দিয়েছে। সওজ ৩০৬টি গাছ নিলাম করার সময় একটি লটে এই গাছগুলোও রেখেছে। মোট ১৪ লাখ ৬৪ হাজার টাকায় ৪১৮টি গাছ সম্প্রতি নিলামে বিক্রি করা হয়। এখন ৮৪টি গাছ কাটার কাজ চলছে।

বুধবার পবার আন্ধারকৌঠা এলাকায় গিয়ে দেখা গেছে, একপাশে থাকা সারি সারি গাছগুলো কেটে মহাসড়কের পাশেই ফেলে রাখা হয়েছে। গাছ কাটার কারণে এলাকার আগের চিত্রই বদলে গেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন মহাসড়কে চলাচলকারী মানুষ ও স্থানীয়রা।

আন্ধারকৌঠা এলাকার বাসিন্দা আহসান হাবিব বলেন, ‘আগে গাছগুলো সুন্দর ছায়া দিত। এখন পুরো এলাকা ফাঁকা হয়ে গেল। ছোট-বড় গাছ যা আছে, সবই কেটে নেওয়া হচ্ছে। কয়টা গাছ বিক্রি হয়েছে, না হয়েছে তা আমরা জানি না। এভাবে গাছ কেটে ফেলা উচিত হচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী সওজ বিভাগের নির্বাহী বৃক্ষপালনবিদ মীর মুকুট মো. আবু সাঈদ বলেন, ‘ওয়াসা যখন প্রকল্প গ্রহণ করে, তখন ভূমি অধিগ্রহণের কোনো বাজেট রাখা হয়নি। তারা সওজের জায়গায় প্রকল্প নেয়। ফলে মহাসড়কের পাশে যেখানে সওজের জায়গা কম, সেদিক দিয়ে পাইপলাইন নেওয়ার জন্য গাছ কাটতে হচ্ছে। যেখানে জায়গা বেশি আছে, সেখানে গাছে হাত দেওয়া লাগেনি।’ তিনি বলেন, ‘নিলাম করতে দেরি হচ্ছিল বলে ওয়াসা নিজেই আগে ১১২টি গাছ কেটে আমাদের জমা দিয়েছে। আর একটি লটে আমি ৮৪টি গাছ কাটার কার্যাদেশ দিয়েছি। ওয়াসা যদি এখনও জমি অধিগ্রহণ করে, তাহলে এখনও চার লটের বাকি ২২২টি গাছ রক্ষার সুযোগ আছে। এগুলোর কার্যাদেশ হয়নি।

এ বিষয়ে কথা বলতে রাজশাহী ওয়াসার প্রধান প্রকৌশলী পারভেজ মামুদকে কয়েকবার ফোন করা হলেও তিনি ধরেননি। তিনি ওয়াসার ওই প্রকল্পের পরিচালক হিসেবেও কাজ করছেন।

এদিকে গাছ কাটার বিষয়ে বেশ তাড়াহুড়ো করছে রামেবি কর্তৃপক্ষ। শহর সংলগ্ন বাজেসিলিন্দা মৌজায় অধিগ্রহণ করা ২০৫ বিঘার সবুজ ও নির্মল পরিবেশে গড়ে তোলা হচ্ছে স্থায়ী ক্যাম্পাস। এতে ব্যয় হবে ২ হাজার ২৫৭ কোটি টাকা। সম্প্রতি দরপত্র ছাড়াই ক্যাম্পাস থেকে সহস্রাধিক গাছ কেটে নিয়ে যায় একটি চক্র। এ নিয়ে তদন্ত চলছে।

সেই তদন্ত শেষ হওয়ার আগেই গত ২৫ সেপ্টেম্বর নতুন করে গাছ কাটার দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে গাছখেকো চক্রের ফেলে যাওয়া কিছু গাছসহ মোট ১ হাজার ৮৫৩টি গাছ বিক্রির তালিকায় আনা হয়েছে। এরমধ্যে ৯৮৯টি আম ও ৬৮৯টি মেহগনি গাছ রয়েছে।

অবৈধভাবে গাছ কাটার তদন্ত শেষ হওয়ার আগেই নতুন গাছ কাটার উদ্যোগের বিষয়ে চাইলে রামেবির উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক বৃহস্পতিবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্ত কমিটি গত সপ্তাহেই রিপোর্ট লিখছিল। আশা করছি ছুটি শেষেই তারা রিপোর্ট দেবে। ক্যাম্পাস স্থাপনের কাজ দ্রুত করতে গাছ কাটতে হচ্ছে।’ তিনি বলেন, ‘সবার মতামত নিয়ে গাছ কাটছি। ক্যাম্পাসে ৪৯ শতাংশ গ্রিন জোন থাকবে। আমরা যে ১ হাজার ৮৫৩টি গাছ কাটছি, তার বদলে প্রায় ২ হাজার ৩০০ গাছ লাগাব।

তবে গাছ কাটার ক্ষেত্রে প্রকৌশলীদের দূরদর্শিতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। পুরনো গাছ কেটে নতুন গাছ লাগিয়ে কী ফল পাওয়া যাবে তা নিয়েও প্রশ্ন পরিবেশবাদীদের। প্রকল্পের জন্য শত শত গাছ কাটার ব্যাপারে করণীয় নির্ধারণে গত মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহীর পরিবেশবাদী সংগঠনগুলো বৈঠক করেছে। বৈঠকে পরিবেশকর্মী, গবেষক, আইনজীবীসহ অনেকেই অংশ নেন। তারা গাছ কাটার ‘মহোৎসবের বিরুদ্ধে’ প্রতিবাদ গড়ে তোলার সিদ্ধান্ত নেন।

রাজশাহী পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের সদস্য সচিব নাজমুল হোসেন রাজু বলেন, ‘প্রকৌশলীরা পরিবেশবান্ধব চিন্তা করছেন না। কাজ শুরুর আগে যেখানে যা পাচ্ছেন সবই কেটে ফেলছেন। তারা পুরনো গাছ কেটে নতুন গাছ লাগানোর কথা বলছেন। কিন্তু পুরনো গাছ থেকে পরিবেশের ভারসাম্য রক্ষায় যে প্রভাব রাখবে, নতুন ছোট গাছ তো তা পারবে না। তাই গাছ রেখে প্রকৌশলবিদ্যাকে কাজে লাগিয়ে কীভাবে কাজ করা যায় সেটা ভাবতে হবে।