শহরের বর্জ্যে বিষাক্ত হয়ে উঠেছে বারনই নদী

The Baronai River has become toxic due to city waste
নিজস্ব প্রতিবেদক: ০৯ অক্টোবর ২০২৫ ১২:৪৮ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ০৯ অক্টোবর ২০২৫ ১২:৪৮ অপরাহ্ন
শহরের বর্জ্যে বিষাক্ত হয়ে উঠেছে বারনই নদী
রাজশাহী শহরের বর্জ্যে বিষাক্ত হয়ে উঠেছে বারনই নদী। .....সংগৃহীত ছবি

রাজশাহী শহরের বর্জ্যে বিষাক্ত হয়ে উঠেছে বারনই নদী। এর প্রভাবে রাজশাহী ও নাটোরের সাতটি উপজেলার প্রায় তিন লাখ মানুষ ভুগছেন। এ নদীর পানি ব্যবহার করলে জটিল ও ভয়াবহ চর্মরোগে আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ। ছোঁয়াচে হওয়ার কারণে এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে।

রাজশাহীর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠন’ রাজশাহী ও নাটোরের সাতটি উপজেলায় সম্প্রতি একটি জরিপ চালিয়েছে। সংগঠনটির তথ্য অনুযায়ী, বারনই নদীর বিষাক্ত পানির কারণে প্রায় তিন লাখ মানুষ জটিল চর্মরোগে আক্রান্ত। শিশু-বৃদ্ধসহ সব বয়সের মানুষ দুর্বিষহ জীবন-যাপন করছেন। ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে না পারায় নিম্নআয়ের মানুষের কষ্ট আরও বেড়েছে। পাশাপাশি হুমকির মুখে পড়েছে নদীর জীববৈচিত্র্য। নদীর মাছ মারা যাচ্ছে। বিপন্ন হয়ে পড়েছে জেলে সম্প্রদায়ের জীবন ও জীবিকা।

সরেজমিনে দেখা গেছে, রাজশাহী শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিকের অপরিশোধিত বর্জ্য, বিসিক শিল্প এলাকার বর্জ্য, বিভিন্ন মিল-কারখানার রাসায়নিক মিশ্রিত পানি, গৃহস্থালি বর্জ্য এবং পয়ঃনিষ্কাশনের বিষাক্ত পানি সরাসরি সিটি হাটের পাশের ড্রেন, পবা উপজেলার দুয়ারি খাল, পবা গাঙ্গপাড়া ও বায়া-মহনন্দখালী খালের মাধ্যমে নওহাটায় গিয়ে বারনই নদীতে মিশছে। ফলে নদীর পানি ভয়াবহভাবে দূষিত হচ্ছে।

এই নদীর পানি ব্যবহার করে রাজশাহী ও নাটোর জেলার নদীপাড়ের গ্রামগুলোর মানুষ চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। তারা এ পানি দিয়ে গোসল, কাপড় কাঁচা, গৃহস্থালি কাজ ও কৃষিকাজ করছেন। এতে দাদ, ফাঙ্গাস, স্ক্যাবিস, পঁচড়া, শুকনো চুলকানি, চর্মদল ও জকইচসহ নানা জটিল চর্মরোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। সঠিক চিকিৎসা না হওয়ায় দিনের পর দিন এসব চর্মরোগ শরীরেই থেকে যাচ্ছে। অনেক মানুষ দিনের পর দিন কষ্ট সহ্য করছেন।

রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার বিভিন্ন মহল্লার মানুষ নানা ধরনের চর্মরোগে আক্রান্ত। পৌরসভার পুঠিয়াপাড়া এলাকার ভ্যানচালক শাহীন আলমের ভাষ্য, মহল্লায় অন্তত পাঁচ শতাধিক মানুষ চর্মরোগে আক্রান্ত। মাথা, কপাল, গলা ও হাত-পায়ে ছড়িয়ে পড়েছে রোগটি।

তিনি বলেন, ‘গত এক বছর ধরে আমি এবং আমার বাড়ির তিনজন দাদে আক্রান্ত। সারা শরীরে ছড়িয়ে পড়েছে। অনেক ডাক্তার দেখিয়েছি, টাকাও খরচ হয়েছে, কিন্তু ভালো হয়নি। আমার পাশের বাড়ির হেলালের বাড়ির নয়জনেরও একই অবস্থা। ছোট্ট একটা শিশু রাহুল, সে-ও ছয়মাস ধরে ভুগছে।’

বারনইয়ের সঙ্গে যুক্ত তানোরের শিব নদের পানিও এখন দূষিত হয়ে পড়ছে। তানোরের বাসিন্দা মোস্তফা সরকার বলেন, ‘শিবনদীতে এক মাস গোসল করার পর আমি ফাঙ্গাসে আক্রান্ত হই। অনেক চিকিৎসা করিয়েও এখন পর্যন্ত ভালো হইনি। ভীষণ রকমের যন্ত্রণা হয়।’

নদী গবেষক মাহবুব সিদ্দিকী জানান, বারনই নদীর উৎপত্তি নওগাঁর পত্নতলা উপজেলার আত্রাই নদী থেকে। এটি মান্দার বিল ও তানোরের শিব নদ পেরিয়ে রাজশাহীর পবা উপজেলার শিতলাই এলাকায় জামদহ নদীতে মিশেছে। এরপর নওহাটা এলাকায় এসে নদীটি বারনই নামে পরিচিতি পেয়েছে। বারনই রাজশাহীর পবা, মোহনপুর, দুর্গাপুর, বাগমারা এবং নাটোরের নলডাঙা ও সিংড়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চলনবিলে গিয়ে মিশেছে।

নলডাঙা উপজেলার বাঁশিলা ইসলাপাড়া গ্রামের বাসিন্দা রুবিনা বেগম বলেন, ‘বাড়ির পাশে নদী। আমরা পানি ব্যবহার সাধারণত করি না। তা-ও মাঝে মাঝে হয়ে যায়। এতে আমার বাড়ির ছয়জন প্রায় দেড় বছর ধরে চর্মরোগে আক্রান্ত। ডাক্তার দেখিয়েছি। ওষুধে কাজ হচ্ছে না। আশপাশের মানুষেরও এটা আছে। মনে হয় আমরা দুনিয়ায় থেকেও জাহান্নামের আজাব ভোগ করছি।’

বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা বিজলী বলেন, ‘শুধু পবা উপজেলার নওহাটা এলাকার নিম্নআয়ের কয়েক হাজার মানুষ বিভিন্ন চর্মরোগে আক্রান্ত। আমরা গত ১৯ আগস্ট একটি স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে ৫০ জনের চিকিৎসা দিয়েছি। এটা আক্রান্তের তুলনায় অতি সামান্য।’

রাজশাহীর সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম বলেন, ‘বারনই নদীর পানি ব্যবহার ও মাছ খাওয়ার কারণে মানুষ চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। প্রয়োজনে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করা হবে। আপাতত এই পানির ব্যবহার বন্ধ করতে হবে।’

এদিকে নদী দূষণের কারণে জেলে সম্প্রদায়ের জীবনও বিপন্ন হয়ে পড়েছে। সিংড়া উপজেলার শেরকোল এলাকার জেলে আব্দুল আলিম বলেন, ‘বছর কয়েক ধরে বিষাক্ত পানির কারণে মাছ মরে যাচ্ছে। আগে নদীর মাছ ধরে সংসার চলত, এখন হয় না। তাই পাঁচ বছর ধরে ভ্যান চালাই।’

নদী গবেষক মাহবুব সিদ্দিকী বলেন, রাজশাহী সিটি করপোরেশন ও ওয়াসাকে বর্জ্য শোধনাগার নির্মাণ করতে হবে। তা না হলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয় দেখা দেবে। ইতোমধ্যে মানুষের স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এখনই উদ্যোগ নিতে হবে।’

রাজশাহী ওয়াসার প্রধান প্রকৌশলী পারভেজ মাসুদ বলেন, ‘মানুষকে চর্মরোগ থেকে বাঁচাতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা বর্জ্য শোধনাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছি। সরকারের কাছে একটি প্রকল্প পাঠানো হয়েছে। জাইকার সঙ্গে আলোচনা চলছে।’

আর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আহমদ আল মঈন জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারাও ভাবছেন। রাজশাহী শহরের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নতুন একটি প্রকল্প প্রণয়ন পর্যায়ে আছে। এর ভেতরে পরিকল্পনা আছে যে দূষিত বর্জ্য পরিশোধন করা হবে। তাহলে দূষিত বর্জ্য বারনইয়ে যাবে না।