বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজারে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন

World Sight Day
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৯ অক্টোবর ২০২৫ ১১:০১ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৯ অক্টোবর ২০২৫ ১১:০১ অপরাহ্ন
বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজারে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন
বিশ্ব দৃষ্টি দিবস-২০২৫ উপলক্ষে কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতাল এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, চক্ষু চিকিৎসা ক্যাম্প ও স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব দৃষ্টি দিবস-২০২৫ উপলক্ষে কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতাল এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, চক্ষু চিকিৎসা ক্যাম্প ও স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

"Love your Eyes" "আপনার চোখকে ভালবাসুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার ৯ অক্টোবর সকাল সাড়ে ১০টায় কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতাল প্রাঙ্গণ হতে বিশ্ব দৃষ্টি দিবসের র‍্যালি বের হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক। 

সভাপতিত্ব করেন কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের সাধারণ সম্পাদক ও কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স এর মহাপরিচালক, বরেণ্য শিক্ষাবিদ এম. এম. সিরাজুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস. এম. কামাল উদ্দিন, নির্বাহী সদস্য ও বায়তুশ শরফ কমপ্লেক্স কক্সবাজার এর সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, বিশিষ্ট কবি নাটাব কক্সবাজার এর সভাপতি কামরুল হাসান, কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স এর সদস্য আনজুমনে নওজোয়ান বাংলাদেশ কক্সবাজার শাখার সভাপতি শহীদুল ইসলাম, কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স এর সমন্বয়ক মাওলানা শফিউল আলম, বায়তুশ শরফ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবছার কামাল, কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের সিনিয়র কনসালটেনন্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. সাইফুল ইসলাম, সিনিয়র মেডিকেল অফিসার ডা. মিশকাত জাহান নূর, মেডিকেল অফিসার ডা. মো. ওমর ফারুক, ডা. শারমিন জাহান, ডা. জিহান আফসানা, ডা. মোহাম্মদ শাহাবুদ্দিন, ডা. মো. নুরুল ইসলাম ফাহিম, বায়তুশ শরফ জব্বারিয়া এতিমখানার সুপার মুজিবুর রহমান, হাসপাতালের জেনারেল ম্যানেজার শহীদ উদ্দিন মাহমুদ, অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, সুশীল সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের অন্যান্য ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বিশ্ব দৃষ্টি দিবসের তাৎপর্য্য নিয়ে আলোচনা সভায় আগত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিশ্ব দৃষ্টি দিবসের গুরত্ব ও তাৎপর্য উল্লেখ করে সারগর্ভ বক্তব্য উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক বলেন, কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতাল এতদাঞ্চলের অন্যতম বৃহৎ স্বনামধন্য চক্ষু হাসপাতাল। চক্ষু চিকিৎসার উন্নয়নে প্রায় তিন দশক ধরে অত্র চক্ষু হাসপাতাল অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি সকলের প্রতি চোখের যত্ন নেওয়া, চোখকে ভালবাসার উপর গুরত্বারোপ করেন। চোখকে ভালবাসলেই মানুষ চোখের যত্ন নিবে, চোখ পৃথিবীর আয়না চোখের মাধ্যমেই আমরা এই পৃথিবীর সৌন্দর্য উপভোগ করি। সুতরাং আসুন আমরা সবাই চোখকে ভালবাসি, চোখের যত্ন নিই।

সভাপতির বক্তব্যে কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের সাধারন সম্পাদক ও কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স এর মহাপরিচালক এম. এম. সিরাজুল ইসলাম বলেন, চোখ মহান আল্লাহ্ পাকের এক অমূল্য দান। চোখের দৃষ্টি যে সৃষ্টিকর্তার কত বড় দান তা একমাত্র অন্ধ এবং দৃষ্টিহীন ব্যক্তিই বলতে পারে। আমাদের পাঁচ ইন্দ্রিয়ের মধ্যে অন্যতম প্রধান ইন্দ্রিয় হচ্ছে চোখ। চোখ দিয়েই আমরা এই সুন্দর পৃথিবীর অপার সৌন্দর্য্য অবলোকন করি। আমরা মহান সৃষ্টিকর্তার কাছে এ মহান নেয়ামতের শুকরিয়া আদায় করছি। 

তিনি বলেন, এবারের বিশ্ব দৃষ্টি দিবসের স্লোগান হচ্ছে "Love your Eyes"- "আপনার চোখকে ভালবাসুন”  যার মর্মার্থ হচ্ছে চোখকে সুস্থ রাখতে প্রথমেই আমাদের নিজের চোখকে ভালবাসতে হবে, বিশেষ করে শিশুদের দৃষ্টি সুরক্ষায় আমাদের সর্বোচ্চ গুরত্ব দিতে হবে। চোখ ভাল না থাকলে আমরা ভাল থাকবনা, সমাজ ভাল থাকবেনা, দেশ ভাল থাকবেনা সর্বোপরি সারা বিশ্বই চোখ ছাড়া অচল হয়ে পড়বে। আমাদের সকলের বুঝতে হবে চোখ ছাড়া আমাদের জীবনটাই অচল। তাই চোখের যত্ন নিতে হবে এবং ব্যক্তি, পরিবার ও সমাজ পর্যায়ে এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে হবে। 

আমরা বই পুস্তকে পড়েছি “অন্ধ জনে দেহ আলো”। চোখের সঠিক চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করেই আমাদের দৃষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। চিকিৎসার অভাবে আর কাউকেই যাতে দৃষ্টিহীন হতে না হয় সেদিকে আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে। আপনারা অবগত আছেন যে, কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতাল প্রতিষ্ঠালগ্ন হতে এতদাঞ্চলের মানুষের দৃষ্টি সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। এছাড়াও বলপূর্বক বাস্তুচ্যুত ১৫ লক্ষ মায়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর দৃষ্টি সুরক্ষায় এ হাসপাতাল অরবিস ইন্টারন্যাশনাল, দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন, স্প্রীহা ফাউন্ডেশন এবং অন্যান্য দেশী-বিদেশী এনজিও, সরকারী বেসরকারী সংস্থা সমূহের সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি এ বিষয়ে সচেতনতা সৃষ্টি ও বিশেষ অবদান রাখার জন্য কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতাল, অরবিস ইন্টারন্যাশনাল, দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন এবং অন্যান্য সহযোগী সংস্থা সমূহকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

আলোচনা সভা সঞ্চালনা করেন কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের জেনারেল ম্যানেজার শহীদ উদ্দিন মাহমুদ।

আলোচনা সভা ছাড়াও বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতাল ও অরবিস ইন্টারন্যাশনাল এর উদ্যোগে উখিয়া রত্নাপালং ইউনিয়ন পরিষদ এ বিশেষ চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিং ক্যাম্প এবং উখিয়ার ক্যাম্প-১১ বালুখালি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এ অবস্থিত অরবিস ও বায়তুশ শরফ হাসপাতাল পরিচালিত চক্ষু চিকিৎসা কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয় এবং বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। 

এছাড়াও দি ফ্রেড হলোজ ফাউন্ডেশনের সহযোগিতায় কক্সবাজার সদর উপজেলায় ২টি বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প এবং স্কুলগামী ছাত্র-ছাত্রীদের দৃষ্টি সুরক্ষায় স্কুল সাইট টেস্টিং প্রোগ্রামের আয়োজন করা হয়।