রংপুরসহ ৮ বিভাগকে আলাদা প্রদেশ ঘোষণার দাবি

8 divisions including Rangpur to be separate
অনলাইন ডেস্ক : ১৪ অক্টোবর ২০২৫ ০৫:০৪ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ১৪ অক্টোবর ২০২৫ ০৫:০৪ অপরাহ্ন
রংপুরসহ ৮ বিভাগকে আলাদা প্রদেশ ঘোষণার দাবি
সংগৃহীত ছবি

রংপুরকে প্রদেশ ঘোষণা করাসহ ৯ দফা দাবি জানিয়েছে রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদ। সংগঠনটি বৈষম্যমূলক শাসনব্যবস্থা থেকে বের হতে দেশের আটটি বিভাগকে প্রদেশ ঘোষণা ও রংপুরে একজন মুখ্যমন্ত্রীসহ ৯ সদস্যের একটি প্রাদেশিক সরকার গঠনে সরকারের প্রতি আহ্বান জানান।  

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে রংপুর মহানগরীর পাবলিক লাইব্রেরি মাঠ সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি তুলেন ধরেন রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিন উদ্দিন বিএসসি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা ২০ বছর ধরে রংপুর জেলাকে নিয়ে রংপুর প্রদেশসহ সারা দেশের ৮টি বিভাগকে প্রদেশ করার দাবিতে আন্দোলন করে আসছি। রংপুর বিভাগের মানুষ সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক শিক্ষা চিকিৎসা আর চাকরিসহ সব দিক থেকে বৈষম্যের শিকার।

আমিন উদ্দিন বলেন, বর্তমানে জুলাই আন্দোলনের পর শাসন কাঠামো ও শাসন পদ্ধতি পরিবর্তন করার ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে এসেছে। সে কারণে বিদ্যমান ঔপনিবেশিক শাসন ব্যবস্থার বিপরীতে স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনে দেশ শাসনে রাজনৈতিক দলের সঙ্গে শ্রম, কর্মজীবী ও সমাজ শক্তির অংশীদারত্ব সাংবিধানিকভাবে নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান এক কেন্দ্রিক সরকারের বৈষম্যমূলক বাজেট নীতির কারণে বাজেটের ৬৫ ভাগ ব্যয় হয় ঢাকা কেন্দ্রিক, ২০ ভাগ হয় চট্টগ্রাম কেন্দ্রিক। সারা বাংলাদেশে বাজেটের মাত্র ১৫ ভাগ ব্যয় করা হয়। সে জন্য রংপুরসহ সারা দেশের ৮টি  বিভাগকে প্রদেশ ঘোষণা, দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, প্রাদেশিক সরকার, প্রাদেশিক পার্লামেন্ট ফেডারেল সরকার গঠনসহ স্বশাসিত উপজেলাসহ এক ব্যক্তির দুই ভোট বাস্তবায়ন করা হলে সব ধরনের বৈষম্য দূর হবে। সে জন্য রংপুরসহ ৮টি বিভাগকে প্রদেশ ঘোষণার দাবিতে আমরা কঠোর আন্দোলনে যাব।

সংবাদ সম্মেলনে পরিষদের সাধারণ সম্পাদক ডা. আব্দুস সাদেক জিহাদি, সাংগঠনিক সম্পাদক ছাদেকুর রহমান, যুগ্ম সম্পাদক মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।